মুক্তি পাচ্ছে রুপন্তীর ‘হিন্দি ভিন্দি’

‘হিন্দি ভিন্দি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক তরুণ অভিনেত্রী রুপন্তী আকিদের। এই সিনেমাটি নির্মিত হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার যৌথ প্রযোজনায়। চলতি বছরের অক্টোবরে ভারত ও অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার কথা আছে। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। সিনেমাটিতে ‘রিহানা’ চরিত্রে দেখা যাবে ‘হ্যালো বাংলাদেশ’-এর জেনিফার চরিত্রে তুমুল জনপ্রিয়তা পাওয়া রুপন্তীকে। এ ছাড়া সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা, তরুণ অভিনেতা মিহির আহুজা, জনপ্রিয় অজি সংগীতশিল্পী গাই সেবাস্টিয়ান।

সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া কীভাবে এমন প্রশ্নে রুপন্তী বলেন, ‘সিনেমাটির তিনটি প্রটাগনিস্ট কবির, রিহ্যানা এবং দাদির চরিত্রটি। এখানে কবির চরিত্রটি করছেন মিহির আহুজা এবং দাদির চরিত্রটি নীনা গুপ্ত। রিহ্যানা চরিত্রটি প্রথমে শ্যাননকে করার কথা থাকলেও সেটি আর হয়নি। তাদের টিম থেকে এমন একজনকে খুঁজছিল যে কি না অজি অ্যাকসেন্টে (অস্ট্রেলিয়ান ভাষা) পারদর্শী এবং হিন্দি বলতে পারে। সেই সঙ্গে ইমোশনাল দৃশ্যেও পারদর্শী এমন একজন অভিনেত্রীর খোঁজ করছিলেন। এরপর রিহ্যানা চরিত্রটির জন্য আবেদন করলে তারা আমাকে অডিশনে ডাকে এবং চূড়ান্ত করে।’

তিনি আরও বলেন, ‘এ রকম টিম-শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ আনন্দিত। তারা প্রত্যেকেই গ্রেট। তাদের কাজের কোয়ালিটি, প্রোডাকশন লেবেল সবকিছু মিলিয়ে কাজের অভিজ্ঞতা খুবই দুর্দান্ত।’ এ ছাড়া নীনা গুপ্তার মতো শিল্পীর সঙ্গে কাজের সুযোগ পেয়ে আপ্লুত রুপন্তী। তিনি বলেন, ‘আমি নীনা গুপ্তার অনেক বড় ভক্ত, তিনি ভীষণ পেশাদার একজন শিল্পী। ওনার কাছে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি।’ ‘হিন্দি ভিন্দি’ চিত্রনাট্য লিখেছেন জয় শর্মা ও আলী সাঈদ। টোয়েন্টিফোর সিক্স ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন অনিকেত দেশকর ও জয় শর্মা।

রুপন্তী আকিদ বাংলাদেশেও বেশ কিছু নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন। শিহাব শাহীন পরিচালিত অরিজিনাল সিনেমা ‘কাছের মানুষ দূরে থুইয়া’-তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এক দশকের ক্যারিয়ারে উল্লেখযোগ্য নাটকের মধ্যে আছে হ্যালো বাংলাদেশ, কেবলই রাত হয়ে যায় ও ওয়ান নাইট স্ট্যান্ড। এ ছাড়া নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি ‘দ্য নেকলেস’ নামে একটি টিভি নাটকের শুটিং শেষ করেছেন বলে জানান এই অভিনেত্রী। তার বিপরীতে অভিনয় করেছেন মাজনুন মিজানসহ অনেকে। ক্রমেই শিশুশিল্পীর তকমা ভেঙে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে চলেছেন।