বৃষ্টির পর জাকের সাইফের রানবৃষ্টি

একদিকে রাওয়ালপি-িতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ জাতীয় দল। অন্যদিকে পাশের শহর ইসলামাবাদে পাকিস্তান ‘এ’-এর বিপক্ষে দেশের ‘এ’ দল। এমন দৃশ্যের সাক্ষী হওয়া যায় কদাচিৎ। এরই মধ্যে আবার বৃষ্টিতে ভেসে গেছে চার দিনের ম্যাচের প্রথম দুদিন। তবুও কাল রাওয়ালপিন্ডিতে যখন সৌদ-রিজওয়ানের সেঞ্চুরিতে পিষ্ট হচ্ছিলেন শরিফুল-মিরাজরা, পাশের শহর ইসলামাবাদে সাইফ-জাকেরের ব্যাটে স্বস্তির সুবাতাস।

গতকাল ইসলামাবাদে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সেঞ্চুরির স্বাদ নিয়েছেন দুই বাংলাদেশি সাইফ হাসান ও জাকের আলি অনিক। সাইফ ১১১ রানে ফিরে গেলেও জাকের অপরাজিত আছেন ১৩৬ রানে। আর তাতে ৯৮ ওভারে ৬ উইকেটে ৩৯৮ রান বোর্ডে জড়ো করে দিন শেষ করেছে বাংলাদেশ ‘এ’ দল।

বাংলাদেশ ‘এ’ দলের শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ১৯ রানের মধ্যেই ফিরে যান অধিনায়ক এনামুল হক বিজয় (৭) ও নাঈম শেখ (৯)। সেই ধাক্কার প্রাথমিক সামাল দেন সাইফ-শাহাদাত জুটি। শাহাদাত হোসেন দীপু ২৩ রান করে ফিরলে ওই জুটি ভাঙে। এর পর তাওহীদ হৃদয় ফেরেন শূন্য রানে। দ্রুত আবারও দুই উইকেট হারিয়ে ফের চাপে পড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। পঞ্চম উইকেটে ১৩১ রানের জুটি গড়ে বিপদ হতে দেননি সাইফ ও জাকের।

এ দুজনের জুটি ভাঙে প্রথম শ্রেণিতে অষ্টম সেঞ্চুরি ছোঁয়ার পর ব্যক্তিগত ১১১ রানে সাইফ আউট হলে। তার ২২১ বলের ইনিংসটিতে ছিল ১৩ চার ও ১৪ ছক্কা। বাংলাদেশ ‘এ’ দল শত রানের আরেক জুটি পায় ষষ্ঠ উইকেটে। তাতে জাকেরকে সঙ্গ দেন মাহিদুল ইসলাম অঙ্কন। অঙ্কন ১৩১ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। রান আউটে অঙ্কনের বিদায়ে ভাঙে ষষ্ঠ উইকেটে ১৩১ রানের সেই জুটি।

দিনশেষে জাকের ১৩৬ রানে অপরাজিত আছেন। প্রথম শ্রেণিতে চতুর্থ সেঞ্চুরির দিন তিনি খেলেছেন ৩০১ বল। হাঁকিয়েছেন ১৪ চার ও ৪ ছক্কা। দিনের শেষ দিকে ১৬ বল খেলে রানের খাতা না খুললেও অপরাজিত থেকে কোনো বিপদ ঘটতে দেননি তানজিম হাসান সাকিব। শাহিনসের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন গুলাম মুদাসসার ও মেহরান মুমতাজ। দুদলের প্রথম চার দিনের ম্যাচ ড্র হয়েছিল।