বেশ কয়েক বছর ধরেই ক্রিকেটের বনেদি সংস্করণ টেস্ট ক্রিকেট রক্ষায় নানা মতামত দিচ্ছেন সাবেক-বর্তমান ক্রিকেটার থেকে শুরু করে বিশেষজ্ঞরা। এবার এই সংস্করণকে আকর্ষণীয় করে তুলতে কোটি ডলারের তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে যোগদানে লাগাম টানতে টেস্টে ম্যাচ ফি বাড়াতে বাড়ানোর অংশ হিসেবে এই উদ্যোগ।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’ জানিয়েছে, যেসব দেশের ক্রিকেট বোর্ড টি–টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর সঙ্গে পারিশ্রমিক দেওয়ায় প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে পারছে না, তাদের সাহায্য করতে এই তহবিল গঠন করা হবে। ভবিষ্যতে টেস্টে ন্যূনতম ম্যাচ ফি হতে পারে ১০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ ৯৭ হাজার টাকা।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড টেস্টের জন্য বিশেষ এই তহবিল গঠনের পদক্ষেপে সমর্থন দিয়েছে। এছাড়া আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহও এর আগে টেস্টের জন্য তহবিল গঠন করতে বলেছিলেন। তবে এই তহবিল থেকে আর্থিকভাবে দুর্বল বোর্ডগুলোই বেশি উপকৃত হবে।