ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এসময় বন্যা দুর্গতদের জন্য সাহায্য চেয়ে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।
শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ২টায় বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে জমায়েত হতে থাকে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন সড়কে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, ‘আন্তর্জাতিক নদীর বেশিরভাগ নদীতেই অবৈধ বাঁধ দিয়ে একদিকে যেমন গ্রীষ্মকালে পানি বন্ধ করে খরার সৃষ্টি করে অন্যদিকে বর্ষাকালে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যার পানিতে প্লাবিত করে। ভারত আমাদের বন্ধুরূপে শত্রু। এখনই সময় ভারতীয় এ সকল আগ্রাসন রুখে দেওয়ার।’
শিক্ষার্থী সাইফুল্লাহ সাদ বলেন, ‘ভারত উস্কানী দিয়ে এই উপমহাদেশে যুদ্ধ লাগাতে চায়। তারা এই দেশের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়।’