কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) সদস্যদের গুলিতে মো. ইসমাইল নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন। শুক্রবার (২৩ আগস্ট) ভোর ৫ টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ৪ নম্বর (এক্সটেনশন) বি-৬ ব্লকে এ হত্যার ঘটনা ঘটে। নিহত যুবক একই ক্যাম্পের ইলিয়াসের ছেলে।
পুলিশ জানায়, নিহতের ঘরে ঢুকে সন্ত্রাসী সংগঠন আরএসও বাহিনীর ৮-১০ জনের একটি দল তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারপরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।