সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে পক্ষপাতমুক্ত হতে হবে: ইনসানিয়াত বিপ্লব

আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারপারসন ইমাম হায়াত। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হলেই মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তৈরি হবে। আর এজন্য অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি এক ভিডিও বার্তায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারপারসন বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের লক্ষ্য ছিল- স্বৈরাচার উৎখাত করে দেশের জনগণ যেন রাষ্ট্রের মালিকানা ফিরে পায়, মানুষ যেন তাদের নাগরিক অধিকার ফিরে পায়, গণতন্ত্র যেন পুনরুজ্জীবিত হয়।

এ সময় অন্তর্বর্তী সরকারকে পক্ষপাতমুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে অবশ্যই পক্ষপাতমুক্ত হতে হবে। সরকার যদি পক্ষপাতদুষ্ট হয় তাহলে ভবিষ্যতে জাতীয় নির্বাচনও পক্ষপাতমূলক হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না। অর্ন্তবর্তী সরকারে উগ্র রাজনৈতিক দলের সাবেক নেতাকে অর্ন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অর্ন্তবর্তী সরকারকে দলমত নির্বিশেষে নিরপেক্ষ হতে হবে বা সর্বদলীয় সরকার হতে হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারপারসন বলেন, বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যাচ্ছে দেশ। সরকার ও সেনাবাহিনী যদি শুরুতেই বিপদের কথা চিন্তা করতে পারত, তাহলে অরাজকতার মধ্যে পড়তে হত না। অন্তর্বর্তী সরকারকে আরও শক্তিশালী করা, আরও দক্ষ এবং যোগ্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি যেসব দলীয় ব্যক্তি রয়েছেন তাদের প্রত্যাহার করে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে রাষ্ট্রকে তার ফর্মে ফিরিয়ে আনা জরুরি। এর ব্যত্যয় হলে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।