দক্ষিণ কোরিয়ায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৭

দক্ষিণ কোরিয়ার বুচিয়ন শহরের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে সাত জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন। গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রাজধানী সিউলের পশ্চিমে বুচিয়নের নয় তলা হোটেল ভবনের অষ্টম তলায় আগুন লাগে। বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

পুলিশ জানায়, ‘নয়তলা ভবনটির অষ্টম তলায় আগুনের সূত্রপাত। আটকে পড়াদের উদ্ধারে ভবনটির নিচে ফায়ার সার্ভিসের কর্মীরা ম্যাট্রেসের ব্যবস্থা করেন। এসময় উপর থেকে লাফ দেয়ার পর ম্যাট্রেসটি উল্টে গেলে প্রাণ হারান দুই জন।’

প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটির কারণে ভয়াবহ এই আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। হোটেলের ম্যানেজারদের কোনও গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

বুচিয়ন ফায়ার স্টেশনের কর্মকর্তা লি স্যাং-ডন বলেন, ‘এ ঘটনায় ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছ। আহত ১২ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’