ফ্লাইট মিস করা যাত্রীদের টিকিট বিনামূল্যে রি-ইস্যু করতে এয়ারলাইনসকে চিঠি

দেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে ফ্লাইটের টিকিট কেটেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারেননি, তাদের টিকিট বিনামূল্যে রি-ইস্যু বা রি-বুক করার সুযোগ দেওয়ার নির্দেশনা দিয়ে ৩৯টি এয়ারলাইনসকে চিঠি দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (২৩ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক চিঠিতে এই নির্দেশনা দেয়।

চিঠিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলেছেন, দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের অনেক যাত্রী বিমানবন্দরে আসতে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। অনেকেই তাদের আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারছেন না।

এই পরিস্থিতিতে এয়ারলাইনসগুলোকে তাদের যাত্রীদের সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে। এ ছাড়া যাত্রীদের জন্য এয়ারলাইনসগুলোকে ২৪ ঘণ্টা যাত্রীসেবা নিশ্চিত এবং বন্যাকবলিত এলাকার যাত্রীদের ফ্লাইটের টিকিট বিনামূল্যে পরিবর্তনের জন্য অনুরোধ করা হয় চিঠিতে।