বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১৫ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। গতকাল শুক্রবার রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে তিনি এই মাইফলকে পৌঁছান। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। এতদিন এই সম্মান কেবল তামিম ইকবালের ছিল।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুশফিক আর লিটন দাসের জুটিতে দারুণ জবাব দিচ্ছে বাংলাদেশ। দুজনেই তুলে নেন ফিফটি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮৯ টেস্টের ১৬৪ ইনিংসে মুশফিকের সংগ্রহ ৫ হাজার ৭৪২ রান। এই ফরম্যাটে তার ১০টি সেঞ্চুরির পাশাপাশি ২৮টি ফিফটি আছে। এছাড়া ওয়ানডেতে ২৫৩ ইনিংসে ৭ হাজার ৭৯২ রান আর টি-টোয়েন্টির ৯৩ ইনিংসে করেছেন ১৫০০ রান।
রাওয়ালপিন্ডি টেস্টে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক পাকিস্তান। জবাবে চতুর্থ দিন এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬উইকেটে ৩৩২ রান। এখনো তারা ১১৬ রান পিছিয়ে আছে। মুশফিক-লিটনের জুটি ভেঙেছে ১১৪ রানে। লিটন দাস ৫৬ রান করে আউট হলেও ৬৬ রানে অপরাজিত আছেন মুশফিক। এবার দেখার, ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরিটা তিনি করতে পারেন কিনা।