হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি

হবিগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আজ শনিবার খোয়াই নদীর বাল্লা পয়েন্টে বিপদসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও অপর দুটি পয়েন্টে পানি নিচে নেমে গেছে। এগুলো হচ্ছে শায়েস্তাগঞ্জ ও মাছুলিয়া। তবে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধই রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নদীর পানি কয়েক সেন্টিমিটার কমেছে। প্রতি ঘণ্টায় ২ সেন্টিমিটার করে পানি কমছে।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অফিস সূত্র জানায়, জেলার একটি উপজেলা ও ৭টি ইউনিয়ন নতুনভাবে বন্যা কবলিত হয়েছে। এ নিয়ে জেলার ৯টি উপজেলার মধ্যে ৬টি উপজেলার ২৯টি ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পড়েছে। পানিবন্দি রয়েছে ১৬ হাজার ৪৪০টি পরিবার। ৬৫ হাজার ৫৬০ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৫২টি আশ্রয় কেন্দ্রের মধ্যে ৭টি চালু রয়েছে। এতে আশ্রয় নিয়েছেন এক হাজার ৯০ জন।

আরও জানা গেছে, ত্রাণ হিসেবে ৩৪১ টন চাল, ১৬৯০ প্যাকেট শুকনো খাবার ও ৯ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে বন্যায় জেলার ৩৭৩ হেক্টর রোপা আমন বীজতলা, ছয় হাজার ৭২৬ হেক্টর রোপা আমন, এক হাজার ৯৪৫ হেক্টর আউশ ও ৪৬৮ হেক্টর শাকসবজি বিনষ্ট হয়েছে।