গাজা যুদ্ধবিরতির নিয়ে আলোচনার জন্য কায়রোতে আজ একটি প্রতিনিধি দল পাঠাবে হামাস। শনিবার আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়। প্রতিনিধি দলের নেতৃত্বে হামাসের সিনিয়র কর্মকর্তা খলিল আল-হাইয়া থাকবেন বলে হামাসের মিডিয়া অফিসের এক বিবৃতিতে জানানো হয়েছে।
এদিকে কায়রোতে সিআইএ প্রধান উইলিয়াম বার্নস এবং সিনিয়র কর্মকর্তা ব্রেট ম্যাকগার্ক বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাথমিক পর্যায়ে শুরু হওয়া আলোচনায় অংশগ্রহণ করেন। সেখানে গাজা যুদ্ধবিরতির নিয়ে আলোচনার অগ্রগতি হয়েছে বলে জানানো হয়। এই আলোচনায় ইসরায়েল এবং হামাসকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, এই আলোচনায় অগ্রগতি হয়েছে। আমাদের এখন উভয় পক্ষের একত্রিত হওয়া এবং যুদ্ধবিরতি বাস্তবায়নের ব্যাপারে কাজ করা প্রয়োজন।
তিনি বলেন, আমরা কায়রোতে যে প্রাথমিক আলোচনায় বসেছিলাম তা গঠনমূলক ছিল। তাই আমরা আগামী কয়েকদিন ধরে এখানে একই ধরনের আলোচনার গতি অব্যাহত রাখতে চাই।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর করেছেন এবং বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ১০ মাসেরও বেশি সময় ধরে চলা এই সংঘাত নিরসনে এবং যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য মার্কিন প্রস্তাবের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন।
পাশাপাশি যুদ্ধবিরতির আলোচনা অব্যাহত থাকায় হামাস ইসরায়েলকে ৩১ মে মার্কিন সমর্থিত প্রস্তাবে দেওয়া নীতিগুলোতে সম্মত হওয়ার এবং যুদ্ধবিরতি চুক্তিতে "বাধা" বন্ধ করার আহ্বান জানিয়েছে।