অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে বন্যা মোকাবিলা করতে হবে। আমাদের পর্যাপ্ত ত্রাণসামগ্রী রয়েছে। ছাত্রদের পাশাপাশি দেশের সর্বস্তরের জনগণ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। এজন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। শনিবার (২৪ আগস্ট) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, পরিদর্শনকালে এ এলাকার বয়স্কদের সঙ্গে কথা বলে জানা গেছে, অত্র অঞ্চলে স্মরণকালের বন্যা হয়েছে। তারা এ ধরনের বন্যা আগে দেখেননি। হতাশাগ্রস্ত না হয়ে সবাইকে ধৈর্য ধারণ করে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার জন্য আহ্বান জানান।
শনিবার সকাল ১১টায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ চৌদ্দগ্রামের মহাসড়কের সংযোগ সড়ক নালঘর রাস্তা পরিদর্শন করে বন্যাকবলিত মানুষের সঙ্গে কথা বলেন। পরে তিনি চৌদ্দগ্রামের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এলজিইডির প্রধান প্রকৌশলী আলী আখতার হোসেন, কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তফা হাসান, নির্বাহী প্রকৌশলী সাইদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ, পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা, উপজেলা নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান প্রমুখ।