গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ এবং গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড থেকে পদত্যাগ করেছেন ডা. নাজিম উদ্দিন। উনি ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন।
আজ শনিবার গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপারসন (ভারপ্রাপ্ত) ডা. আবুল কাশেম চৌধুরীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর পর প্রচলিত নিয়ম অনুসারে তার প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্ট স্বল্প মূল্যে সাধারণ মানুষকে সঠিক চিকিৎসা কার্যক্রমসহ জনহিতকর কাজ করে চলছে। এই প্রতিষ্ঠান ট্রাস্টের সদস্যদের সিদ্ধান্তের মাধ্যমে চলছে। আশুলিয়া থানাধীন গণস্বাস্থ্য কেন্দ্রের মূল অফিস এবং মেডিকেল কলেজ হাসপাতাল অবস্থিত। ট্রাস্টি ডা. নাজিমউদ্দিন তার ব্যক্তিগত স্বার্থে অন্যান্য ট্রাস্টিদের মতামত না নিয়ে স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় ওই হাসপাতালে কিশোর গ্যাং ও ভাড়াটে কিছু লোকের মাধ্যমে হাসপাতালের অর্থ আত্মসাত এবং অন্যান্য কাজ দখলে নিয়ে কর্মীদের মাঝে হতাশা সৃষ্টি করে নিজের ইচ্ছামত চলছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে গাছকাটা, নগদ টাকা আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকলের দাবি এই ট্রাস্টির যে সকল দুর্নীতির প্রমাণ রয়েছে সে গুলোর সঠিক বিচার করতে হবে।