ভুটানের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের প্রস্তুতির জন্য খুব বেশি সময় হাতে নেই। ৫ ও ৮ সেপ্টেম্বরের দুই ম্যাচের জন্য শুক্রবার ঢাকা ছাড়বে দল। এই অল্প সময়ের মধ্যে ক্যাম্প করতে সবাইকে পাচ্ছেন না জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। প্রাক-মৌসুম শুরুর অপেক্ষায় বসুন্ধরা কিংস, আর বেশ কিছু খেলোয়াড় বর্তমানে নেপালে আছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ মিশনে। হাতে আছে বাছাই করা ১৪ জন খেলোয়াড়, যারা লিগের অন্য ক্লাবগুলোয় খেলেন। তাদের নিয়ে কাল সোমবার ক্যাম্প শুরুর কথা জানিয়েছেন বাংলাদেশ কোচ। ২৩ জনের চূড়ান্ত দল দিতে চান পরে।
‘আপাতত পরিকল্পনা হচ্ছে এই ১৪ জনকে নিয়ে ক্যাম্প শুরুর। বসুন্ধরা কিংসের প্রাক-মৌসুমের ক্যাম্প আছে, অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের জন্য কিছু খেলোয়াড় নেপালে রয়েছে। তারা ক্যাম্পে যোগ দেওয়ার পর ২৯ আগস্ট চূড়ান্ত দল দেব।’
এই সংক্ষিপ্ত স্কোয়াডে ডাক পেয়েছেন দুই গোলরক্ষক সহোদর সুজন হোসেন ও পাপ্পু হোসেন। মোহামেডানের গোলকিপার সুজনের বয়স ২৭ পেরিয়েছে। তার দুবছরের ছোট পাপ্পু এবার ব্রাদার্সে যোগ দিয়েছেন। তিনি জাতীয় দলে প্রথম ডাক পান ২০১৯ সালে। সুজনের ডাক পাওয়া বেশি দিন হয়নি। এ বছরই বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়া, লেবাননের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে ছিলেন। তবে দুই ভাইয়ের কারোরই এখনো জাতীয় দলে অভিষেক হয়নি।
জাতীয় দলে এখন মূল গোলকিপার হিসেবে খেলছেন মিতুল মারমা। আছেন মেহেদি হাসান শ্রাবণও। ফলে জাতীয় দলের একাদশে জায়গা পাওয়া কঠিনই দুই ভাইয়ের জন্য।
বাংলাদেশের ১৪ সদস্যের স্কোয়াড
গোলকিপার : মিতুল মার্মা, মোহাম্মদ সুজন হোসেন, পাপ্পু হোসেন; ডিফেন্ডার: মেহেদী হাসান, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন; মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, দিদারুল আলম, সৈয়দ কাজেম কিরমারি, জায়েদ আহমেদ; ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন ও আরমান ফয়সাল আকাশ।