টেস্টের পর সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত

সাবেক সংসদ সদস্য এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে সম্প্রতি দায়ের করা হত্যা মামলা নিয়ে গতকাল মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ে যখন বৈঠক করছেন নতুন সভাপতি ফারুক আহমেদ, তখন রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলায় ব্যস্ত সাকিব। এরই মাঝে তাকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে বিসিবি কর্র্তৃপক্ষের কাছে আইনি নোটিস পাঠান এক আইনজীবী। দুপুর থেকে বিকেল অবধি দীর্ঘ বৈঠক শেষে নতুন সভাপতি ফারুক আহমেদ জানান, টেস্ট চলমান থাকা অবস্থায় সাকিবের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চান না তারা। টেস্টের পর দেখা যাবে।

বিগত সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলন চলাকালে ৫ আগস্ট রাজধানীর আদাবরে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন মোহাম্মদ রুবেল নামে এক পোশাকশ্রমিক। দুদিন পর তার মৃত্যু হয়। রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার আদাবর থানায় হত্যা মামলা করেন, যেখানে সাকিবকে ২৮ নম্বর আসামি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে। গতকাল হত্যা মামলায় নাম আসায় সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিস পাঠানো হয়। বিসিবি বরাবর আইনজীবী মোহাম্মদ রাফিনুর রহমানের পক্ষ থেকে এ নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। আইনজীবীর ভাষ্য অনুযায়ী, ‘যেহেতু এটা তদন্তাধীন একটি বিষয়, তাকে খেলা থেকে বাদ দিলেই হবে না, দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। তদন্তের প্রয়োজনে তার কাছে প্রশ্ন থাকতে পারে। আমি একজন আইনজীবী হিসেবে নিয়ম অনুযায়ী যা করা যায়, সেই দাবি জানাচ্ছি।’

তবে বিসিবি গতকাল পর্যন্ত নোটিস পাননি বলে জানান সভাপতি ফারুক আহমেদ। আর সাকিব যেহেতু টেস্ট খেলার মধ্যে রয়েছেন, তাই রাওয়ালপিন্ডি টেস্ট শেষ হওয়ার পর (আজই শেষ হচ্ছে ম্যাচ) এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। ফারুক আহমেদ বলেন, ‘আপনি জানেন একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিসটা আমরা পাইনি এখনো, ওটার ব্যাপারে বলতে পারব না। মামলার এফআইআর হয়েছে, এফআইআরের পরে তদন্ত হবে। তারপর একটা দিকে যাবে মামলাটা। এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে টেস্টের ফিফথ ডে। এই মুহূর্তে আমরা কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি, আমরা কালকের (আজ) ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেব।’

এ সময় বিসিবি সভাপতি আরও বলেন, ‘এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে। বিসিবির সঙ্গে সাকিবের সম্পর্ক খেলোয়াড় এবং এমপ্লয়ির (কর্মী) বলতে পারেন। কালকের (আজ) দিনের পর দেখে সিদ্ধান্ত নিতে পারব।’ আইনি নোটিসে সাকিবকে অপসারণের দাবি করা হয়েছে। তবে এর মধ্যে সাকিবকে বাদ দেওয়া যাবে না বলে মন্তব্য করেন বিসিবি সভাপতি, ‘এখন খেলতে বাধা নেই। ম্যাচের মাঝখানে উইথড্র করতে পারব না।’

বিসিবির চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটারের নাম এবারই প্রথম হত্যা মামলায় জড়িয়েছে। বিষয়টি বোর্ডের কাছেও বিব্রতকর। এ মামলার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মো. মাইনুল হাসান বলেন, ‘যেকোনো মামলায় অপরাধীর সম্পৃক্ততা থাকে। আন্দোলনের বিরুদ্ধে যারা অর্থ, পরামর্শ ও মিডিয়ায় উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, তাদের বিষয়ে তদন্ত হবে।’

আজ প্রথম টেস্ট শেষে দ্বিতীয় টেস্ট শুরু হতে সময় পাওয়া যাচ্ছে পাঁচ দিন। ক্যারিয়ারের আগে-পরে নানা বিতর্ক-সমালোচনার জন্ম দিলেও সাকিব আল হাসানকে নিয়ে এবারের মতো অবস্থানে কখনো পড়তে হয়নি বিসিবিকে। এর আগে নাজমুল হাসান পাপনের ১২ বছরের সভাপতিত্বকালে অনেক ব্যাপারে ছাড় পেয়ে যেতেন সাকিব। তবে ফারুক আহমেদের নতুন বিসিবি কোন পথে এগোবে সাকিবের ক্রিকেটভাগ্য, তা হয়তো সময়ই বলে দেবে।