সাকিব আল হাসানের পাশে দাঁড়াতে গিয়ে বিপাকেই পড়েছেন জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন। সম্প্রতি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়। অথচ ঘটনার আগে ও পরে সাবেক সাংসদ সাকিব দেশেই ছিলেন না। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অনেক ক্রিকেটার। বাদ যাননি রুবেলও।
গতকাল শনিবার রাতে ফেসবুকে রুবেল লিখেছিলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ, যার ৬/৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতোই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে , সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয়।’
রুবেলের এই পোস্টে সোশ্যাল সাইট ব্যবহারকারীদের কেউ কেউ তাকে ‘তেলবাজ’ বলে অভিহিত করতে থাকেন। এক পর্যায়ে থাকতে না পেরে রুবেল কমেন্টে লিখেন, ‘যতদিন ক্রিকেট খেলেছি, জাতীয় দলে নিজের যোগ্যতা শো করে খেলেছি। কারো পা চেটে ক্রিকেট খেলিনি। আর এটা রুবেলের ডিকশনারিতে নাই। আর সাকিবের যদি পা চাটতাম, তাহলে তার ক্যাপ্টেন্সিতেই বাংলাদেশ দলে খেলতাম! লল! সবসময় সত্য কথা বলি। কে কী বলল তাতে কিছু যায় আসে না। সত্য আমি বলবই।’