মেজাজ হারিয়ে ঢিল ছুড়লেন সাকিব!

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০২:২৯ পিএম

রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে দুর্দান্ত বোলিং করছেন সাকিব আল হাসান। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৩ উইকট তুলে নিয়েছেন। দিনের প্রথম সেশনে তার এক কাণ্ড বেশ আলোচনার জন্ম দিয়েছে। ব্যাটার প্রস্তুত না হওয়ায় মেজাজ হারিয়ে বল দিয়ে ঢিল ছুড়ে বসেন সাকিব! বিষয়টিকে ‘অস্বাভাবিক ঘটনা’ বলেছে পিসিবি।

ঘটনা পাকিস্তানের ইনিংসের ৩২তম ওভারের। সাকিব রান-আপ নিয়ে প্রথম বলটি করতে উদ্যত হতেই স্ট্রাইকিং প্রান্তে থাকা মোহাম্মদ রিজওয়ান সরে যান! বোলারদের মনোযোগ নষ্ট করতে ব্যাটাররা প্রায়ই এটা করে থাকেন। কিন্তু রিজওয়ান এক্ষেত্রে দেরি করে ফেলেছিলেন। সাকিব বোলিং স্টান্ট নেওয়ার পর রিজওয়ান সরে যাওয়ায় তিনি আর মেজাজ ধরে রাখতে পারেননি।

হাতে থাকা বলটি অনেকটা ঢিল মারেন সাকিব। সৌভাগ্যবশতঃ সেটা কারও গায়ে লাগেনি। ব্যাটারের মাথার ওপর দিয়ে লিটন দাসের গ্লাভসে জমা পড়ে। আম্পায়ার রিচার্ড অ্যালান কেটলবরো ভীষণ অবাক হয়ে সাকিবের কাছে বারবার জানতে চান- এটা কী করেছ? সাকিবও ইঙ্গিতে বুঝিয়ে দেন তেমন কিছু না।

ততক্ষণে ঘটনাস্থলে দৌড়ে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাথে সাথেই আবার খেলা শুরুর ইঙ্গিত দেন আম্পায়ার। ওই ওভারের শেষ বলে আব্দুল্লাহ শফিককে ফেরান সাকিব। পাকিস্তান বিপদে পড়ে যায়। তবে সাকিবের ওই ঘটনার ভিডিও এক্সে পোস্ট করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) লিখে দেয়- ‘অস্বাভাবিক ঘটনা’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত