৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় ৪৬তম বিসিএসের (আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়) লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরীক্ষা সময় ও তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

ক্যাডার পদে নিয়োগের জন্য ৪৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) পরীক্ষা ২৬ এপ্রিল অনুষ্ঠিত হয়। গত ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। এতে ১০ হাজার ৬৩৮ জন উত্তীর্ণ হন।

এ বিসিএসে তিন হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন এক হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।