চট্টগ্রাম চেম্বারের ভোটবিহীন পরিচালনা পর্ষদ বাতিলের দাবি

শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বারে পরিবারতন্ত্র ভেঙে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীবান্ধব নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ফোরাম নেতারা। রবিবার (২৫ আগস্ট) দুপুরে নগরীর চেম্বার ভবনের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে তারা এ দাবি জানান।

এ সময় উপস্থিত বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, পরিবারতন্ত্রের কবলে পড়ে চট্টগ্রাম চেম্বার দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেনি। তাই ভোটবিহীন চেম্বার পরিচালনা পর্ষদকে পদত্যাগ করতে হবে। চেম্বারকে সংস্কার করতে হবে। পরিবারতন্ত্রের কবলে পড়ে চিটাগাং চেম্বার ব্যবসায়ীদের কথা বলতে পারেনি। তাদের বলয়ের বাইরের কারো চেম্বারের পরিচালক পদে নির্বাচিত হওয়ার সুযোগ ছিল না। পদত্যাগ না করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলমের নেতৃত্বে বঞ্চিত ব্যবসায়ী ফোরামের ব্যানারে এ অবস্থান কর্মসূচী দেয়া হয়। বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীরা এতে যোগ দেন। 

কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে বঞ্চিত ব্যবসায়ী ফোরামের আহ্বায়ক এস এম সাইফুল আলম বলেন, চট্টগ্রাম চেম্বার কোনো পারিবারিক প্রতিষ্ঠান নয়। কিন্তু বিগত কমিটিগুলো এটিকে পারিবারিক সংগঠন বানিয়ে ফেলেছে। ব্যবসায়ী সংগঠনে ব্যবসায়ীদের সুযোগ না দিয়ে ছেলে মেয়ে-জামাতাদের সুযোগ দেওয়া হয়েছে। আসল ব্যবসায়ীরা সুযোগ পাননি। ঐতিহ্যবাহী চিটাগাং চেম্বার অব কমার্সকে ১৭ বছর ধরে স্বৈরশাসনের আজ্ঞাবহ করে রাখা হয়েছে। স্বৈরশাসন ও পরিবারতন্ত্র দিয়ে সাধারণ ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আমরা চাই, ব্যবসাবান্ধব চট্টগ্রাম চেম্বারের ভূমিকা নিশ্চিত করতে নতুন কমিটি গঠনের করা হোক।

ফোরামের সদস্য সচিব শহিদুল ইসলাম চৌধুরী বলেন, সাবেক দুই সভাপতি এম এ লতিফ ও মাহবুবুল আলম ১৭ বছর ধরে চট্টগ্রাম চেম্বারকে স্বৈরশাসনের আজ্ঞাবহ ও পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। এর ফলে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন ব্যবসায়ীরা। তাই সাবেক দুই সভাপতির কবল থেকে চট্টগ্রাম চেম্বারকে মুক্ত করে সাধারণ ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল চেম্বারে পরিণত করতে হবে।
 
অবস্থান কর্মসূচীতে অন্যদের মধ্যে সিএন্ডএফ এসোসিয়েশনের নির্বাহী সদস্য জামাল উদ্দিন বাবলু, ফাল্‌গুনী ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল খান, বন্দর ট্রাক কাভার্ড ভ্যান মালিক অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহেল, সিএন্ডএফ ব্যবসায়ী শওকত আলী, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কচি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ, বিজিএমইএ'র পরিচালক আবছার হোসেন, সদস্য সাইফুল ইসলাম, এস এম হক, সুলতানা ট্রেডার্সের রোকন উদ্দিন মাহমুদ, ব্রিকস অ্যাসোসিয়েশনের জাহাঙ্গীর আলম, রিয়াজুদ্দিন বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব ছালামত আলী প্রমুখ বক্তব্য রাখেন।