ঢাবির টিএসসিতে ছয় ঘণ্টায় নগদ সংগ্রহ ৮৪ লাখ টাকা

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ কর্মসূচির ৪র্থ দিনে ছয় ঘণ্টায় শুধু টিএসসি বুথ থেকে নগদ প্রায় ৮৪ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। এর আগের দিন ছিল ২ কোটি টাকার বেশি।

রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আজকে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত টিএসসি থেকে নগদ অর্থ সংগ্রহ সব মিলিয়ে ৮৩ লক্ষ ৯০ হাজার টাকা।

এদিকে, আজ রবিবার গণত্রাণ কর্মসূচির চতুর্থ দিনে পূর্বঘোষিত ঢাবির জিমনেসিয়ামে সকাল থেকেই টিএসসিতে ত্রাণ দিতে মানুষের ঢল নামে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মানুষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে ব্যক্তিগত গাড়ি, ট্রাক, সিএনজি, ভ্যান ও রিকশায় বন্যার্তদের জন্য খাবার, জামা-কাপড়, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছেন। বিকেলে বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহ করতে হিমশিম খেতে দেখা যায় স্বেচ্ছাসেবকদের। সন্ধ্যা নাগাদ তা বেড়ে যায় কয়েকগুণ। এ সময় ট্রাক ভরে ভরে ত্রাণ সামগ্রী আসতে থাকে। 

এর আগে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী আসায় টিএসসি ক্যাফেটেরিয়া ও গেমস রুম বারান্দা ও অন্যান্য জায়গা ত্রাণ সামগ্রীতে পূর্ণ হয়ে যায়। টিএসসির বারান্দাতে ত্রাণ সামগ্রী বিশাল স্তুপ লক্ষ্য করা যায়। বিপুল পরিমাণ জরুরি ওষুধ টিএসসির দ্বিতীয় তলায় রাখা হয়। ফলে টিএসসিতে নতুন করে ত্রাণ রাখার জায়গা শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ সংলগ্ন জিমনেসিয়ামে ত্রাণ সামগ্রী গ্রহণ ও রাখা শুরু হয়।

এছাড়া টিএসসিতে গণত্রাণ কর্মসূচি থেকে গত তিনদিন এবং আজকে বিকেল চারটা পর্যন্ত মোট ৪ কোটি ৩৯ লক্ষ ১ হাজার ৬৯০ টাকা নগদ সংগ্রহ হয়েছে বলে জানান হাসনাত আব্দুল্লাহ।