অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, কোনো অবস্থাতেই বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া যাবে না। দেশ থেকে একজন পালিয়েছে। কিন্তু তার দোসররা রয়ে গেছে। তারা সুযোগ পেলেই মাথাচাড়া দিয়ে উঠবে। কোনো অবস্থাতেই অন্যায়কারী, দুর্বৃত্তকারী ও সুবিধাবাদীকে প্রশ্রয় দেওয়া যাবে না।
রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) আয়োজিত এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ওপর পাথরের মতো চেপে বসে ছিল। আওয়ামী লীগের এই করুণ পরিণতির জন্য শেখ হাসিনা নিজে দায়ী।
সভায় ন্যাব সভাপতি জাহানারা খাতুন বেশকিছু চিকিৎসা প্রতিষ্ঠানের আগের নাম ফেরত নেওয়ার দাবি জানান। তিনি বলেন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নামফলক পূর্বের ন্যায় বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করতে হবে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামফলক মুছে ফেলা হয়েছে, তা পুনরায় স্থাপন করতে হবে। শহীদ জিয়াউর রহমান মহাখালীতে কলেজ প্রতিষ্ঠা করেছিলেন তার নামফলক মুছে ফেলা হয়েছে। সেই নামফলক পুনস্থাপন করতে হবে।
এ সময় ন্যাব সভাপতি দাবি করেন, নার্সদের ইউনিফর্ম আগের মতো করতে হবে। নার্সিং সুপারভাইজার পদ সৃষ্টি, যে সমস্ত নার্স দুই বছরের বেশি ইনচার্জ হিসেবে দায়িত্বে আছেন তাদের দুই বছর পর পর পরিবর্তন ও নার্সদের রাত্রিকালীন ডিউটি সমানভাবে দিতে হবে।
প্রতিনিধি সভায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ের সহ-সম্পাদক কাদের গণি চৌধুরীসহ অন্যান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।