ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় শরিফ আহম্মেদ চাঁদ নামে এক শ্রমিক লীগ নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল রবিবার বিকেলে তাকে মহেশপুর ৫৮ বিজিবির হাতে সোপর্দ করা হয়।
আটক শরিফ আহম্মেদ চাঁদ ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার রামনগর গ্রামের আজিবর রহমানের ছেলে। তিনি স্থানীয় তাহেরহুদা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
বিজিবির একটি সূত্র জানায়, শরিফ আহম্মেদ চাঁদ মহেশপুরের খোসালপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। সে সময় স্থানীয় গ্রামবাসীর কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে বিজিবির খোসালপুর ক্যাম্পে সোপর্দ করেন। বিজিবির জিজ্ঞাসাবাদে শ্রমিক লীগ নেতা শরিফ আহম্মেদ চাঁদ জানান, জীবনের ভয়ে তিনি ভারতে পালিয়ে যাচ্ছিলেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, তিনি আটকের বিষয়টি শুনেছেন। তবে বিজিবির পক্ষ থেকে এখনো কোনো বার্তা দেওয়া হয়নি।