গাজীপুর মহানগরীর টঙ্গীতে তুচ্ছ ঘটনা এবং পূর্বশত্রুতার জেরে চার ভাইকে কুপিয়ে জখম করা হয়েছে। গত শনিবার রাত ৯টার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুর সরকার বাড়ি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সাতজনকে অভিযুক্ত করে শনিবার রাতে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আতাউরের ছোট ভাই মিজান আহমেদ।
হামলায় গুরুতর আহত চার ভাই হলেন পোশাকশ্রমিক আতাউর রহমান (৪২), চাকরিজীবী মিজান আহমেদ (২৯), ব্যবসায়ী আপন (২৫) ও সাগর (২২)। তারা পূর্ব আরিচপুর এলাকার স্থায়ী বাসিন্দা। তাদের বাবা প্রয়াত এন্তাজ মিয়া।
স্থানীয়রা জানায়, পূর্ব আরিচপুর গ্রামে বাড়ির পানির লাইনের মোটর স্থাপনকে কেন্দ্র করে স্থানীয় সালামের সঙ্গে বিরোধ চলে আসছিল আতাউরের। সম্প্রতি লাইন মেরামত করে ব্যবহার উপযোগী করার চেষ্টা করলে বাধা দেয় সালাম। এ বিষয়ে জানতে সালামের বাসার সামনে গেলে তার নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, চাপাতি, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে আতাউরের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করতে গেলে তার ছোট ভাই মিজানকেও মারধর করা হয়। টঙ্গী পূর্ব থানার এসআই সাহেব আলী বলেন, ‘এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।’