বরিশালের উজিরপুর উপজেলার সাতলা বাজারের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা ইদ্রিস হাওলাদার এবং তার চাচাতো ভাই সাগর হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আধিপাত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে এ হত্যাকান্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত ইদ্রিস হাওলাদার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার, তার ভাই যুবলীগ নেতা আসাদ হাওলাদার ও চাচাতো ভাই বিএনপি নেতা ইলিয়াস হাওলাদারের বিরুদ্ধে করা একাধিক মামলার বাদী।
মৎস্যঘেরে হামলা ও লুটপাট মামলায় প্রায় চার মাস আগে ইউপি চেয়ারম্যান শাহিন, ভাই আসাদ ও ইলিয়াস জেলহাজতে ছিলেন। নিহতদের পরিবারের অভিযোগ, মামলার আসামিরাই তাদের হত্যা করেছে।
স্থানীয়রা জানান, গত শনিবার রাতে ব্যবসায়ী ইদ্রিস তার চাচাতো ভাই সাগরকে (২২) নিয়ে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে সাতলা সেতু অতিক্রমকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী একদল সন্ত্রাসী গতিরোধ করে তাদের কুপিয় জখম করে। সন্ত্রাসীরা ইদ্রিসের মৃত্যু নিশ্চিত ভেবে তাকে ও গুরুতর আহত সাগরকে ফেলে পালিয়ে যায়। সাগরের চিৎকারে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে গেলে সেখানে ইদ্রিস মারা যান। গুরুতরও আহত সাগর চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার সকালে সেবাচিম হাসপাতালে মারা যান।
নিহত ইদ্রিসের স্ত্রী রেশমা খানম বলেন, কয়েক দিন ধরে মামলার আসামিরা ইদ্রিসকে হত্যার হুমকি দিচ্ছিল। বিষয়টি তিনি পরিবারকে জানিয়েছিলেন।
উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ বলেন, হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে রয়েছে।