রাশিয়ার বহুতল ভবনে ৯/১১ ধাঁচে হামলা ইউক্রেনের

ফের রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনের ড্রোন। দুই দেশের যুদ্ধের আবহে এবার রাশিয়ার সারাটোভের একটি ৩৮ তলা ভবনে ড্রোন হামলা চালাল ইউক্রেন। এই হামলা মনে করিয়ে দিচ্ছে ৯/১১-র সেই ছবি। যেখানে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হামলা চালিয়েছিল আল কায়দা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, সারাটোভের এক বহুতলে ধাক্কা মারল ড্রোন। আর তাতেই মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে উঠল বহুতলের একাংশ। একই সময় খানিক দূরে আকাশে উড়ছে আরও একাধিক ড্রোন। কয়েক সেকেন্ডের ওই ভিডিও প্রকাশ্যে আসার পরেই চমকে উঠেছে গোটা বিশ্ব।

মস্কো টাইমসের খবরে বলা হয়, সোমবার সকালে রাশিয়ার সারাটোভের ৩৮ তলা এক ইমারতে হামলা করেছে ইউক্রেনের ওই ড্রোন। বহুতলটির নাম ‘ভোল্‌গা স্কাই’। শহরের সবচেয়ে উঁচু ভবন সেটি। ড্রোন হামলায় এখনও নিশ্চিতভাবে কোনো হতাহতের খবর জানা যায়নি। 

গত দু’বছরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে দু’দেশেই মুহুর্মুহু হামলা চলছে। সোমবার রাশিয়ার ঘটনা মনে করিয়ে দিচ্ছে ৯/১১র হামলার কথা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জোড়া টাওয়ারে বিমান হামলা চালায় সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দা। একই ধাঁচে এ বার হামলা হলো রাশিয়ার বহুতলে।