সুদানে বাঁধ ভেঙ্গে বন্যায় নিহত ৬০

উত্তর-পূর্ব আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত সুদানে ভারী বৃষ্টিপাতের কারণে একটি বাঁধ ভেঙ্গে অন্তত ৬০ জন নিহত হয়েছে। আটকে পড়াদের উদ্ধার কাজ চলছে, তবে নিহতের সংখ্যা আরও বাড়তে বলে শংকা করছে কর্তৃপক্ষ।

ভারী বৃষ্টিতে পোর্ট সুদানের উত্তরে আরবাত বাঁধটি ধসে এ বন্যা এবং প্রাণহানির ঘটনা ঘটে বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও বিবিসি।

আল-তাগির এবং মেরদামীকসহ স্থানীয় সংবাদমাধ্যমগুলো সুদানের স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে যে, নিহতের সংখ্যা কমপক্ষে ৬০ জনে পৌঁছেছে। এবং আরও অনেকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

মেরদামীক আরও জানিয়েছে, পাহাড়ে আশ্রয় নেওয়ার পর আটকে পড়া লোকদের উদ্ধারের চেষ্টা করছে বিমানবাহিনী।

জাতিসংঘ জানিয়েছে যে, বন্যায় ২০টি গ্রাম ধ্বংস হয়ে গেছে এবং ৫০ হাজার বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা আল জাজিরাকে জানান, তাঁরা জানতে পেরেছেন যে বন্যার পানির কারণে অনেক লোকজন যানবাহনে আটকা পড়েছে। স্থানীয় একজন জানান, “বাঁধটিতে পরিবার, বৃদ্ধ ও শিশু বহনকারী সাতটি গাড়ি ছিল। কিন্তু তাদের ভাগ্যে কি ঘটেছে তা জানিনা।"

লোহিত সাগর রাজ্যের পানি কর্তৃপক্ষের পরিচালক ওমর ইসা তাহির স্থানীয় সংবাদসংস্থা আখবারকে বলেন, বন্যা পুরো এলাকা নিশ্চিহ্ন করে দিয়েছে"।

আরবাত বাঁধ হল পোর্ট সুদানের খাবার পানির সরবরাহের প্রধান উৎস। এই বাঁধের ধারণক্ষমতা ২৫ মিলিয়ন কিউবিক মিটার।

যুদ্ধবিধ্বস্ত দেশটি জুনের শেষ থেকে ভারী বৃষ্টিপাত এবং বন্যার সাথে লড়াই করছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় বলেছে, প্রতিকূল আবহাওয়া সুদানের ১৬টি রাজ্যে আনুমানিক ৩ লাখ ১৭ হাজার মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে।

সোমবার সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে সারা দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২ হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে রয়েছে উত্তর দারফুর, নীল নদ এবং পশ্চিম দারফুর বলছে জাতিসংঘ। ভারী বর্ষণ এবং যুদ্ধ দেশটিতে মানবিক সংকটকে আরও খারাপ করে তুলেছে।