২০২২ সালের ডিসেম্বরে ইউরোপের ফুটবল ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছিলেন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাবটির প্রেমে এতটাই মজেছেন রোনালদো যে এখান থেকেই ক্যারিয়ারের ইতি টানার সম্ভাবনা দেখছেন। তবে সেটা দুই-তিন বছর আগে নয়।
পর্তুগালের সংবাদমাধ্যম চ্যানেল নাওকে দেয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমি জানি না খুব শিগগিরই অবসরে যাবো কি না! আর গেলেও সেটা দুই-তিন বছরের আগে নয়। তবে সম্ভবত আমি আল নাসরেই অবসর নেবো।’ এ মহাতারকা এর পর যোগ করেন, ‘আমি এই ক্লাবে খুবই খুশি, এই দেশেও। সৌদি আরবে খেলতে আমার ভালো লাগছে এবং আমি এটা অব্যাহত রাখতে চাই।’
পর্তুগাল জাতীয় দল নিয়েও নিজের ভাবনা প্রকাশ করেছেন রোনালদো। বলেন, ‘আমি যখন জাতীয় দল ছাড়ব, কাউকে আগে থেকে কিছু জানাব না। আমার দিক থেকে সিদ্ধান্তটা হবে সাবলীল। তবে খুব ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত হবে সেটি।’ আপাতত অবশ্য অবসর নেওয়ার কথা মোটেই ভাবছেন না রোনালদো, ‘এই মুহূর্তে আমি জাতীয় দলকে আসন্ন ম্যাচগুলোয় সাহায্য করে যেতে চাই। আমাদের সামনে নেশনস লিগ আছে এবং সত্যিকার অর্থেই আমি খেলতে চাইব।’