রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে যা বললেন ঢাবির নতুন উপাচার্য

আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে আজ মঙ্গলবার বিকেলে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এ সময় শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা তাকে শুভেচ্ছা জানান।

গতকাল সোমবার নিয়োগ পাওয়ার বিষয়টি জানাজানি হলেই নতুন উপাচার্যের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হয়। একটি পক্ষের দাবি নতুন উপাচার্য জামায়াতপন্থী। বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীদের একটি অংশ বিষয়টি সামনে এনেছেন।

আজ মঙ্গলবার দায়িত্ব নেওয়ার পরই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি খোলাসা করেন বিশ্ববদ্যালয়ের নতুন উপাচার্য। তিনি বলেন, আমার দলীয় কেন্দ্রীক রাজনৈতিক আগ্রহ শূন্য।

উপাচার্য বলেন, আমার ছাত্রজীবন থেকে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলীয় কর্মকাণ্ডে অংশ নিই নাই। তার মানে এই নয় যে রাজনীতিবিদদের হেয় করছি, তাদের আমি সম্মান করি। কিন্তু রাজনীতি আমার সাথে যায় না। দল কেন্দ্রীক রাজনীতিতে আমার আগ্রহ শূন্য।

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে অতীতেও আমার অংশগ্রহণ ছিল না, এখনো নেই। কেউ যদি আমার রাজনৈতিক বিষয়ে বলতে চায় সেটা তার স্বাধীনতা। এখন আমি প্রত্যেকটা বিষয় ধরে উত্তর দেওয়ার মতো সময় এবং প্রয়োজন মনে হচ্ছে না। আমরা কঠিন সময়ের মধ্যে যাচ্ছি, বিশ্ববিদ্যালয়ে এগিয়ে নেওয়ায় আমাদের প্রধান কাজ। আমার সকল কাজ হবে ন্যায্যতা এবং নিরপেক্ষতার ভিত্তিতে।