সাংবাদিক নির্যাতনের অভিযোগ

সাবেক মন্ত্রী তাজুল ও তার শ্যালকের বিরুদ্ধে মামলা 

সাংবাদিক নির্যাতনের অভিযোগে কুমিল্লা-৯ (লাকসাম মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও তার শ্যালক মহব্বত আলীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে কুমিল্লার ৬ নম্বর আমলি আদালতে দিনকাল পত্রিকার লাকসাম প্রতিনিধি মনির আহম্মেদ এ মামলা করেন।মনির আহম্মেদ লাকসাম পৌর সদরের নশরতপুর গ্রামের মৃত. হোসেন আলীর ছেলে।

বাদী পক্ষের আইনজীবী কাইমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের বিচারক মো. দিদারুল আলম মামলাটি আমলে নিয়ে লাকসাম থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ মামলায় অন্যান্য আসামিদের বিরুদ্ধে আগেও মামলা ছিল। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলায় সাবেক মন্ত্রী তাজুল ইসলাম, তার শ্যালক লাকসাম উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মহব্বত আলী, পৌর মেয়র আবুল খায়ের, মোহাম্মদ উল্লাহ, মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, কান্দিরপাড় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, খলিলুর রহমান, মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মন্ত্রীর দেহরক্ষী কালাম হোসেন, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, রুহুল আমিন, আব্দুল কাদের শামীম ও কাউসার আহমেদ এ ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮০-৯০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, মনির আহম্মেদ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে তার বাড়িঘর ভাঙচুর ও হত্যার হুমকি দেন আসামিরা। এ নিয়ে ২০২২ সালের ২২ সেপ্টেম্বর মাসে আদালতে একটি মামলা করেন মনির আহম্মেদ। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লেখালেখি করেন। এরই জেরে গত ১৪ জুলাই আসামিরা আদালত প্রাঙ্গনে মনির আহম্মেদকে নির্যাতন ও  ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।