গেল মৌসুমে ট্রেবল জয় সত্ত্বেও কোচ বদলের আলোচনাটা জোরেশোরে উঠেছিল। ঘরোয়া ফুটবলে রাজত্ব আগেই দখল নেওয়া হয়েছে। তবে এর সঙ্গে তাল মিলিয়ে মেলেনি আন্তর্জাতিক সাফল্য। তাই বসুন্ধরা কিংস টানা পাঁচটি লিগ শিরোপা এনে দেওয়া স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনকে বিদায় জানায় গত জুলাইয়ে। এর পরপরই তারা চুক্তি করে রোমানিয়ান কোচ ভ্যালেরিউ তিতার সঙ্গে। তবে দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে নতুন কোচের ঢাকা আসা বারবার পেছাচ্ছিল। অবশেষে ঢাকা এসেছেন সিরিয়া জাতীয় দলের সাবেক এই কোচ। মঙ্গলবার তাকে বরণ করে নিয়েছে ক্লাবটি। সভাপতি ইমরুল হাসান তার কার্যালয়ে ফুল দিয়ে অভ্যর্থনা জানান তিতা ও সেটপিস কোচ দরিল স্তোইকাকে।
৫৮ বছর বয়সী তিতা খেলোয়াড়ি জীবনে ছিলেন একজন মিডফিল্ডার। ২০০০ সালে পাকাপাকি খেলা ছাড়ার পর থেকেই শুরু করেন কোচিং ক্যারিয়ার। উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচ সিরিয়া জাতীয় দলের দুই প্রস্থের কোচ ছিলেন। তার অধীনে ২০২১-২২ সালে সিরিয়া ফিফা আরব কাপ ও ফিফা বিশ^কাপ বাছাইয়ে অংশ নেয়। এর আগে তিনি ২০১০ সালে সিরিয়ার কোচ ছিলেন। সর্বশেষ তিতা ছিলেন সৌদি আরবের প্রথম বিভাগের দল আল-আইন এফসির কোচ।
প্রায় দুই যুগের ফুটবল ক্যারিয়ারে তিতা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ক্লাব কোচিং করিয়েছেন এবং সাফল্য এনে দিয়েছেন। ইরাক, লেবানন, জর্ডান, সিরিয়া, কুয়েতের বিভিন্ন ক্লাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এ ছাড়া নিজ দেশ রোমানিয়া ও মরক্কোয়ও কোচিং করিয়েছেন।
তার অধীনে ২০১০ সালে সিরিয়ার আল-ইত্তিহাদ এফসি আলেপ্পো এএফসি কাপের শিরোপা জিতেছিল। সিরিয়ায় দীর্ঘ সময় ক্লাব কোচিংয়ের সুবাদে দুই প্রস্থে সে দেশের জাতীয় দলের দায়িত্ব পালন করেন। ২০১৫-১৬ মৌসুমে লেবাননের নেজমাহ এফসিকে ট্রেবল জেতান ভ্যালেরি তিতা। তার আগের মৌসুমে লেবাননের সাফা স্পোর্টিং ক্লাব লেবানিজ সুপার কাজ জয় করে এবং লিগে রানার্সআপ হয়।
আজ থেকে ট্রেনিং শুরুর কথা জানিয়ে নতুন কোচ বলেছেন, ‘আমার বিশাল দায়িত্ব সম্পর্কে আমি ভালোভাবেই জানি। এমন একটা দলের দায়িত্ব নেওয়া মোটেই সহজ নয়, যারা গত পাঁচ বছরের চ্যাম্পিয়ন। আগের কোচ ও তার স্টাফরা অনেক ভালো করেছে। আশা করছি আমরাও তার মতোই সাফল্য পাব কিংবা তার চেয়েও বেশি কিছু এনে দিতে পারব। এটা স্বাভাবিক যেকোনো কাজেই চাপ থাকবে। আর চাপহীন থাকলে কখনোই অনুভব করবেন না যে আপনি ফুটবলকে সঙ্গী নিয়ে বেঁচে আছেন।’
৪-২-৩-১ ফরম্যাট এই কোচের প্রিয় কোচিং দর্শন। এই দর্শনে বসুন্ধরা কিংসের সাফল্যের ধারাবাহিকতা কতটা রাখতে পারনে তিতা, সেটাই দেখার। প্রধান কোচের পাশাপাশি বসুন্ধরা কোচ সেট-পিস কোচ ও ট্রেনারও নিয়োগ দিয়েছে। আগামী মৌসুমে রাকিব, মোরসালিনদের সেট-পিস কোচের দায়িত্বে দেখা যাবে রোমানিয়ার দোরেল স্তোইকাকে। এদিকে হেড কোচ ও সেট-পিস কোচ ঢাকায় এলেও এখনো এসে পৌঁছাননি ফরাসি ট্রেনার খলিল চাকরোন।
রাজনৈতিক পটপরিবর্তনের কারণে এবার স্বাধীনতা কাপ হচ্ছে না। তবে এক ম্যাচের চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে মৌসুম। যেখানে গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলবে ফেডারেশন কাপ রানার্সআপ মোহামেডানের সঙ্গে। এ ছাড়া লিগ ও স্বাধীনতা কাপ হবে। এই তিনটি আসর ছাড়াও তিতাকে কিংসের দায়িত্ব নিতে হবে অক্টোবরে ভুটানে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাইয়ের গ্রুপপর্বের। যেখানে কিংস ছাড়াও খেলবে স্বাগতিক পারো এফসি, ভারতের ইস্ট বেঙ্গল ও লেবাননের শীর্ষ দল।