মোদি-বাইডেন ফোনালাপ

বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গেল হোয়াইট হাউজ

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত সোমবার ভারতীয় প্রধানমন্ত্রীর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানা যায়। পরে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, বাইডেন ও মোদি ফোনালাপে অন্যান্য বিষয়ের পাশাপাশি বাংলাদেশ নিয়েও আলোচনা করেছেন। তবে ওই ফোনালাপ নিয়ে বিবৃতিতে বাংলাদেশ প্রসঙ্গটি উল্লেখ করেনি হোয়াইট হাউজ।

গত সোমবার রাতে এক্স পোস্টে মোদি লেখেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্যা হচ্ছে তা নিয়ে জো বাইডেনের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে; বিশেষ করে ইউক্রেন নিয়ে আমরা কথা বলেছি। আমি জানিয়েছি, ইউক্রেনে শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। বাংলাদেশে স্বাভাবিক অবস্থা দ্রুত পুনরুদ্ধার এবং সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি।

তবে হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফোনালাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফরের পাশাপাশি সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক নিয়ে আলোচনা করেছেন।

জাতিসংঘ সনদের ভিত্তিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য তাদের সমর্থন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন দুই নেতা।

প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন। দুই নেতার মধ্যকার এই ফোনালাপ নিয়ে একটি বিবৃতি দিয়েছে হোয়াইট হাউজ, যা হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, পোল্যান্ড ও ইউক্রেনে ঐতিহাসিক সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন বাইডেন। কয়েক দশকের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী এমন সফর করলেন। শান্তি এবং জ্বালানি খাতসহ ইউক্রেনের জন্য চলমান মানবিক সহায়তা নিয়ে মোদির দেওয়া বার্তার প্রশংসা করেছেন বাইডেন।

বিবৃতিতে আরও বলা হয়, দুই নেতা প্রশান্ত মহাসাগরীয় (ইন্দো-প্যাসিফিক) অঞ্চলে শান্তি ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে কোয়াডের মতো আঞ্চলিক জোটের মাধ্যমে একত্রে কাজ করতে তাদের অব্যাহত প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন।