বগুড়ায় দর্জি শ্রমিক শিমুল হত্যা

শেখ হাসিনাসহ ৫৩৫ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ায় দর্জি শ্রমিক শিমুল সরদার নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ১৩৫ জন নেতা-কর্মীর নাম উল্লেখ মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০০-৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে শিমুল সরদারের স্ত্রী শিমু বেগম বগুড়া সদর থানায় এ মামলা করেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

গত ৪ আগষ্ট দুপুরে শহরের ঝাউতলা এলাকায় ছাত্র-জনতার একদফার আন্দোলনে এসে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিমুল মন্ডল মতি। নিহত শিমুল শহরের দক্ষিণ বৃন্দাবনপাড়ার দর্জি শ্রমিক ছিলেন।

বগুড়া সদর থানায় মামলায়, শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামালকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মজিবর রহমান মজনু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপু রয়েছেন। এছাড়াও বাকি আসামিদের অধিকাংশ বগুড়া ও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ বলেন, ‘শিমুল হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ১৩৫জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি ৩০০-৪০০জন। আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’  

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় এর আগে আরও ৫টি মামলা করা হয়। এরমধ্যে ৪টিতে হত্যা এবং অপর একটিতে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।