শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩ হত্যা মামলা

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০২:৪৩ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ডেমরার সানারপাড়ে মিরাজ হোসেন ও মোহাম্মদপুরের বসিলায় বুড়িগঙ্গা ফিলিং স্টেশনের মেশিন অপারেটর মনসুর মিয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার মিরাজ হোসেনকে হত্যার অভিযোগে ৯২ জনকে আসামি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে মামলা করেন খোরশেদ আলম মিয়া। আদালত ডেমরা থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয়।

এ মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ। অন্য মামলাটি করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে। শেখ হাসিনাসহ ২২ জনকে আসামি করা হয় এ মামলাটিতে। ভিকটিম মনসুর মিয়ার ভাই আয়নাল হক এ মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মোহাম্মদপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয়।

এই মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ।

রাজশাহীতেও শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, অগ্নিকা-ের মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ৯৮৩ জনকে। আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, বাঘায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ আওয়ামী লীগের ১৬৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে দুটি মামলা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টায় রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার এবং ছাত্রদলের কর্মী জাহিদ হাসান পৃথকভাবে বাদী হয়ে মামলা দুটি করেন। এগুলোতে আরও ১২০-১৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলা দুটির একটিতে শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হয়েছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকারের করা মামলার এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি শাহরিয়ার আলমসহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

যশোর প্রতিনিধি জানান, সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে বিএনপিকর্মী মাসুমকে গুমের অভিযোগে যশোরের সাবেক পুলিশ সুপার আনিসুর রহমানসহ সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আনিসুর রহমান বর্তমানে ডিআইজি পদমর্যাদায় নৌপুলিশে সংযুক্ত আছেন। মামলার অন্য আসামিরা হলেন যশোর কোতোয়ালি থানার তৎকালীন ওসি শিকদার আক্কাস আলী, এসআই আবু আনসার, কনস্টেবল হাফিজ, কনস্টেবল অভিজিৎ, কনস্টেবল সাঈদ ও কনস্টেবল হাসনাত।

গাজীপুর প্রতিনিধি জানান, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও আওয়ামী লীগ নেতাসহ ৫৭ জনের নামে হত্যা মামলা হয়েছে। কোনাবাড়ী থানায় মামলা করেছেন এক অটোরিকশাচালক। মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সোমবার রাতে টাঙ্গাইলের গোপালপুর থানার আলমনগর এলাকার লাল মিয়ার ছেলে মো. ইব্রাহিম বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানায় মামলাটি করেন।

লালমনিরহাট প্রতিনিধি জানান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্যসহ চার সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৭ জনের নামে ঢাকার যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা হয়েছে। এ ছাড়া এই মামলায় অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া নিহত মিরাজুল ইসলামের বাবা আবদুস সালাম মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার ঢাকার যাত্রাবাড়ী থানায় হত্যা মামলাটি করেন তিনি।

রংপুর প্রতিনিধি জানান, রংপুরে বিভাগীয় কমিশনার, ডিআইজি, ডিসি-এসপি ও সাংবাদিকসহ ১১১ জনকে আসামি করে পৃথক দুটি মামলা হয়েছে। হত্যা মামলায় আসামি করা হয়েছে ১৭ জনকে এবং বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৯৪ জনকে আসামি করা হয়েছে। গতকাল কোতোয়ালি মেট্রো থানার কগনিজেনস ম্যাজিস্ট্রেট আদালত ও পীরগঞ্জ আমলি আদালতে এ মামলা দুটি করা হয়। এদিকে পীরগঞ্জ উপজেলা বিএনপির অফিসের কম্পিউটারসহ মালামাল চুরি, ভাঙচুর ও অগ্নিসংযোগে মামলা করা হয়েছে। মামলায় ৯৪ জনের নাম উল্লেখসহ আরও ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক (মুক্তি), কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নড়াগাতী থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খান শামীমুর রহমান (ওছি খাঁ), আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক কাজী সরোয়ারসহ ৯৮ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলাটি হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০-৬০ আওয়ামী লীগ নেতাকর্মীকে।

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর, কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদাত আলম, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসিম হায়দার, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরীসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কালীপুর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী। অন্যদিকে পৃথক আরেকটি মামলায় সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাবেক মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, সরল ইউপি চেয়ারম্যান মো. রশিদ আহমদ, সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ মো. ইদ্রিস, সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ ৩৮ জনের নামে মামলা করেছেন সরল ইউনিয়নের বিএনপি নেতা জাফর আহমদ।

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের সখীপুরে সোমবার রাতে পৌর ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদুল ইসলাম অন্তর বাদী হয়ে সখীপুর থানায় মামলাটি করেন। মামলায় টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয় ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ সাঈদ আজাদসহ ১৬৭ আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে।

নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে (৫০) প্রধান করে আওয়ামী লীগের ১৯ জনের নামসহ আরও ২০ জন নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি করে চাঁদাবাজি মামলা করা হয়েছে। সোমবার রাতে বড়খাপন ইউপি বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুর আলম শাহিন বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলাটি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত