স্বাভাবিকভাবে ব্যাডমিন্টন একটি সাদামাটা খেলা। কিন্তু হংকংয়ের শিক্ষা ব্যুরো অনিচ্ছাকৃতভাবে ব্যাডমিন্টনকে একটি সম্পূর্ণ নতুন অর্থ দিয়েছে। সেখানে তরুণ-তরুণীদের যৌন ইচ্ছা সংযম করতে ব্যাডমিন্টন খেলা ও বই পড়ার পরামর্শ দিয়েছে হংকং কর্তৃপক্ষ। তবে এই নির্দেশিকা বিতর্কের জন্ম দিয়েছে।
বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে প্রকাশিত শিক্ষার উপকরণগুলোতে মাধ্যমিক বর্ষ-৩ এর জন্য কিশোর-কিশোরী এবং অন্তরঙ্গ সম্পর্ক শিরোনামের একটি মডিউলে বলা হয়েছে, কিশোর-কিশোরীরা যারা একে অপরের সাথে যৌন সম্পর্ক করতে চায় তারা এর পরিবর্তে "একসাথে ব্যাডমিন্টন খেলতে যেতে পারে"।
উপকরণগুলোর মধ্যে "আমার প্রতিশ্রুতি" নামে একটি ফর্মও রয়েছে। এর লক্ষ্য "তরুণ প্রেমিকদের" প্রমাণ করতে হবে যে তারা "আত্ম-শৃঙ্খলা, আত্ম-নিয়ন্ত্রণ এবং পর্নোগ্রাফির বিরুদ্ধে প্রতিরোধ" গড়ে তুলবে।
শিক্ষা ব্যুরোর প্রকাশিত নথিতে বলা হয়েছে, ‘মানুষের যৌন ইচ্ছা এবং আকাঙ্ক্ষা থাকা স্বাভাবিক, তবে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে আমরা আমাদের ইচ্ছে, আকাঙ্ক্ষার মালিক, তাই আমাদের বিষয়টি করার আগে দুইবার চিন্তা করে আকাঙ্ক্ষাগুলোকে নিয়ন্ত্রণ করা উচিত।’
নতুন পাঠ্যক্রমে কিশোর-কিশোরীদের স্বাভাবিক যৌন আবেগকে দমন করার পরামর্শ দেওয়া হয়েছে। পাঠ্যক্রমে শিক্ষার্থীদের জন্য চারটি মূল বিষয় আলোচনা করা হয়েছে। এগুলো হলো- প্রেম এবং যৌনতার মধ্যে সম্পর্ক,
অন্তরঙ্গ সম্পর্কের মধ্যে নির্দিষ্ট সীমানা স্থাপন এবং বজায় রাখা, যৌন কল্পনা এবং আবেগ মোকাবেলা করার উপায়,
অন্তরঙ্গ সম্পর্কের খারাপ ফলাফল।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো "ব্যাডমিন্টন খেলা" কেন্দ্রিক কৌতুকের বন্যায় ভরে গেছে। একজন মজা করে লেখেন, চলো ব্যাডমিন্টন খেলি।
এমনকি অলিম্পিক ব্যাডমিন্টন খেলোয়াড় সে ইং সুয়েটও নিজেকে চেপে রাখতে পারেননি। তিনি লেখেন, "সবাই ব্যাডমিন্টন খেলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে। আসলেই কি সবাই ব্যাডমিন্টনে আছে?" হাসিমুখের ইমোজি দিয়ে তিনি সামাজিক মাধ্যম থ্রেডে জিজ্ঞেস করেছেন।
হংকং শিক্ষা ব্যুরো ছাত্রদেরকে "আমার প্রতিশ্রুতি" ফর্মের একটি ছবি ফরমের সাথে যুক্ত করতে বলেছে যা প্রমাণ করে যে তারা পর্নোগ্রাফির প্রতি আত্মশৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ এবং প্রতিরোধ গড়ে তুলবে।
হংকংয়ের আইনপ্রণেতা ডোরেন কং বলেন, নথিগুলো প্রমাণ করে যে শিক্ষা ব্যুরো তরুণদের বোঝে না। তিনি বিশেষভাবে ব্যাডমিন্টন পরামর্শকে অবাস্তব বলে সমালোচনা করেছেন। তিনি বলেন, যখন কিশোর-কিশোরীদের যৌন আকাঙক্ষা জাগবে সে সময় তারা কীভাবে ব্যাডমিন্টন র্যাকেট ধার করে আনবে।
টমাস ট্যাং, যিনি একজন অপেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড়। তিনি বলেন, এই ধরনের বিজ্ঞপ্তি খেলাধুলার প্রতি কৌতুকের সমতুল্য। এটি তার মতো খেলোয়াড়দের জন্য কিছুটা বিব্রতকর। অতীতে এটি শুধুমাত্র একটি স্বাস্থ্যকর খেলা ছিল, কিন্তু এখন আপনি যদি লোকেদের ব্যাডমিন্টন খেলতে বলেন তবে তারা অনেক রসিকতা করে। তিনি বলেন, বিদ্রুপের বিষয় হলো যে ব্যাডমিন্টন আসলে ছেলেদের মেয়েদের একে অপরের সাথে দেখা করার একটি ভালো উপায়।
তবে শিক্ষা ব্যুরোর মডিউলটি কিশোর-কিশোরীদের ডেটিং শুরু করতে বা যৌন আচরণে জড়িত হতে উৎসাহিত করার জন্য তৈরি করা হয়নি। এটি তাদেরকে এটি থেকে দূরে রাখার জন্য এবং নিজেদের আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধির জন্য করা হয়েছে বলে জানায় হংকং কর্তৃপক্ষ।
হংকংয়ের শিক্ষা সচিব ক্রিস্টিন চোই বলেন, "আমরা কিশোর-কিশোরীদের রক্ষা করতে চাই," রবিবার একটি সাক্ষাত্কারে নথিগুলোর পক্ষে কথা বলার সময় তিনি বলেছিলেন, একজন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির সাথে যৌন সম্পর্ক করা অবৈধ।
কিন্তু হেনরি চ্যান যিনি ১৩ বছর বয়সি মেয়ে এবং ১০ বছর বয়সী ছেলের বাবা; তিনি বলেন, এই প্রচেষ্টাগুলো হাস্যকর। তিনি বলেন, হংকং সরকার সবসময়ই ধরা ছোঁয়ার বাইরে থাকে। এই ধরনের কর্মকাণ্ডে তারা নিজেদের বোকা বানাচ্ছে। তিনি আরও বলেন, যৌন শিক্ষার বিষয়ে আমি এবং আমার স্ত্রী নিজেরাই যা করার দরকার সেটা করি। এটি এমন কিছু নয় যা আমি স্কুল এবং সরকারের উপর নির্ভর করব।