বাড়ির গৃহকর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ জানিয়েছিলেন গৃহকর্তা। সেই অভিযোগের তদন্তে নেমে অবশেষে গৃহকর্তাকেই ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে।
ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়, বছর পঞ্চান্নর ওই গৃহকর্তা পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন তার বাড়ির ২৭ বছর বয়সি কাজের মেয়ের বিরুদ্ধে। অভিযোগ ছিল, গত শনিবার বাড়ি থেকে ১৫ হাজার টাকা চুরি করেছেন ওই নারী। সেই অভিযোগের তদন্তে অগ্রগতি হতেই নতুন মোড় নেয় মামলাটি। এ বার ওই গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠে আসে গৃহকর্তার বিরুদ্ধে।
গৃহকর্তার অভিযোগের প্রেক্ষিতে প্রথমে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তাকে হেফাজতে নিয়ে জেরা শুরু করে পুলিশ। সূত্রের খবর, তাকে হেফাজতে নিয়ে জেরার শুরুতেই চুরির অভিযোগটি স্বীকার করে নেন ওই নারী। এর পর জেরা পর্ব আরও এগোতেই ভেঙে পড়েন তিনি।
পুলিশকে তিনি অভিযোগ জানান, ওই গৃহকর্তা তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। তার দাবি, গৃহকর্তার স্ত্রী যখন বাড়িতে থাকতেন না, সেই সময়েই আমার উপর শারীরিক নির্যাতন চালাতেন গৃহকর্তা।
পুলিশ জানিয়েছে, ওই গৃহকর্মী ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে অভিযুক্তের বাড়িতে কাজ করতেন। বাড়িতে একা থাকার সুযোগে গৃহকর্তা তাকে একাধিক বার শ্লীলতাহানিও করেছেন। গত ৭ জুলাই একবার তাকে যৌন নিগ্রহ করা হয়েছিল বলে অভিযোগ। এর পর ১৮ জুলাই পুনরায় গৃহকর্তা ওই গৃহকর্মীকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ।
বিষয়টি জানাজানি হলে গৃহকর্মীর স্বামী ও সন্তানকেও প্রাণে মারার হুমকি দিয়েছিলেন তিনি। পুলিশের কাছে এই নতুন অভিযোগ আসার পরই অভিযুক্ত গৃহকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গৃহকর্মীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও যৌন নিগ্রহের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
