শ্বশুর-শাশুড়ির খোঁজ নিতে এসে নিজেই ভেসে গেলেন বানের জলে

ফেনীর সোনাগাজীতে শ্বশুর-শাশুড়ির খোঁজ নিতে এসে বানের জলে ভেসে যাওয়া ওয়াসিম আকরামের তিন দিনেও সন্ধান মেলেনি। ওয়াসিম গত রোববার (২৫ আগস্ট) উপজেলার আমিরাবাদ ইউনয়নের মুহুরি প্রজেক্ট এলাকায় বানের জলে ভেসে যায়। বহু খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। 

জানা গেছে, নিখোঁজ ওয়াসিমের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে। তিনি ওই এলাকার সাহাব উদ্দিনের ছেলে। পেশায় একজন সিএনজি চালক। বিয়ে করেন সোনাগাজীর চরছান্দিয়া ইউনিয়নের ফকির বাড়ির হাফিজ উল্যার মেয়ে নাসিমা আক্তারকে। বন্যার পানিতে শ্বশুর বাড়ি ডুবে যাওয়ার খবরে গত শনিবার সোনাগাজীতে আসেন তিনি।

নিখোঁজ ওয়াসিমের শ্যালক আলাউদ্দিন বলেন, ‘নিষেধ করার পরও গত রোববার দুপুরে মাছ ধরতে মুহুরি প্রজেক্ট যায় দুলাভাই। ওই সময় সোনাগাজী থেকে মুহুরি প্রজেক্ট পর্যন্ত রাস্তঘাট পাঁচ ফুট জলমগ্ন ছিল। সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় খোঁজ নিয়ে জানতে পারি, জাল মেরে মাছ ধরার সময় প্রচণ্ড পানির স্রোতে তিনি ভেসে যান। উপস্থিত মানুষ বহু খোঁজাখুঁজির পরও তাকে উদ্ধার করতে পারেননি।’ 

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় পলাশ বলেন, ‘পানিতে ভেসে যাওয়া যুবক ওয়াসিমের বিষয়ে আমাদের কেউ অবহিত করেনি। তারপরও আমরা খোঁজ-খবর নিয়ে দেখছি।’