রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সামরিক বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ পদে স্বজনদের বসাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রেসিডেন্ট পুতিন তার চাচাতো ভাইয়ের মেয়েকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি পদে নিয়োগ দিয়েছেন, যার সামরিক দক্ষতা ও এক্ষেত্রে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। ব্রিটিশ সামরিক কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
ওয়াশিংটন পোস্ট জানায়, পুতিনের চাচাতো ভাই ইয়েভজেনি মিখাইলোভিচ পুতিনের মেয়ে আনা সিভিলেভা রাশিয়ার আইনসভা এবং অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পর্ক সমন্বয়ের দায়িত্বে থাকবেন।
রাশিয়ার জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলেভার স্ত্রী আনা সিভিলেভা বেশ কয়েকটি দেশীয় চিকিৎসা সরবরাহ সংস্থার সঙ্গে জড়িত। এর আগে তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন।
ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর আনা সিভিলেভাকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে তহবিল সংগ্রহের জন্য ‘ডিফেন্ডার্স অব দ্য ফাদারল্যান্ড’ নামের একটি সংগঠনের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
একজন বেসামরিক লোককে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগে জন্য গত জুন মাসে রাশিয়ান সংবাদমাধ্যমগুলো সমালোচনা করে। সম্ভাবনা রয়েছে আনা সিভিলেভার পদোন্নতি রাশিয়ান অভিজাতদের মধ্যে ক্রমবর্ধমান অস্থিরতা বৃদ্ধির ইঙ্গিত করে।
এই নিয়োগ পুতিনের রুশ সামরিক নেতৃত্বের রদবদলের সর্বশেষ পদক্ষেপ। ২০২৪ সালের মে মাসে তিনি সের্গেই শোইগুকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন।