ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নেওয়ার পর বোর্ড পরিচালকদের নিয়ে প্রথম সভা করবেন আজ। দুপুর ৩টায়, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। বিসিবির প্রশাসনে বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে এই সভায়।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনার পলায়ন ও পরবর্তী সময়ে ঘটনা প্রবাহে বিসিবির অনেক পরিচালকই পলাতক। ২ জুলাই সবশেষ বোর্ড পরিচালকদের সভায় যারা উপস্থিত হয়েছিলেন, তাদের ভেতর শেখ সোহেল, শফিউল আলম চৌধুরী নাদেল, ওবায়েদ নিজাম, ইসমাঈল হায়দার মল্লিক, আ জ ম নাসিরসহ অনেকেই ২১ আগস্টের জরুরি সভায় উপস্থিত হননি।
আওয়ামী লিগের প্রার্থী হয়ে দুটো প্রহসনের নির্বাচনে মানিকগঞ্জ থেকে সাংসদ নির্বাচিত হওয়া সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ও আসছেন না জনসম্মুখে। জুলাই মাসের ১০ তারিখে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ৪ দিনের ম্যাচ খেলার জন্য বিসিবি এইচপি দল ঢাকা ছাড়ে, সেদিন বিসিবিতে এসেছিলেন দুর্জয়। এরপর এইচপি দল অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরি থেকে টপ-এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে রানার্স-আপ হয়ে এসেছে, তবে ফিরে আসার পর তাদের সঙ্গে দেখা করতে আসেননি এইচপির চেয়ারম্যান দুর্জয়।
বাংলাদেশ দলের পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের জয়ের পর বিসিবিতে মিষ্টি বিতরণ হলেও দেখা যায়নি মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটোকে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে, তবে কোথাও দেখা নেই নারী উইং-এর চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেলের। রাজশাহীতে নারী জাতীয় লিগ টি-টোয়েন্টি চলমান, বিশ্বকাপের প্রস্তুতিপর্ব এই ঘরোয়া আসরের উদ্বোধন করতে দেখা যায়নি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সাবেক সাংসদ নাদেলকে।
এ রকম আরও অনেকেই অনুপস্থিত এবং তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রও জমা দেননি। বিসিবির গঠনতন্ত্রের ১৫.২ এর ধারায় বলা হয়েছে- শারীরিক অসুস্থতা, বিদেশ গমন বা যথাযথ কারণ ছাড়া কেউ যদি পরপর ৩টি সভায় অনুপস্থিত থাকেন তাহলে পরিচালকের পদ অবসান বা শূন্য হবে। ২১ আগস্টের জরুরি সভা ও আজকের সভায় অনুপস্থিত থাকারা পরবর্তী সভাতেও যদি অনুপস্থিত থাকেন তাহলে তাদের পরিচালক পদের অবসায়ন হবে।
অনুপস্থিত পরিচালকরা অনেকেই বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির প্রধান ছিলেন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত যে দুজন পরিচালক, জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল আলম- তারা ছিলেন যথাক্রমে ক্রিকেট অপারেশনস এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান। তাদের অবর্তমানে এই পদগুলোও শূন্য।
আজকের সভায় এই শূন্য পদগুলোকে পূর্ণ করার প্রচেষ্টা চালাবেন ফারুক আহমেদ। বিপিএলের গভর্নিং কাউন্সিলের নতুন প্রধান হিসেবে ফাহিম সিনহার নামটা শোনা যাচ্ছে জোরেশোরে। বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম পেতে পারেন হাইপারফরম্যান্স কমিটির প্রধানের পদ। আকরাম খানকে ফিরিয়ে আনা হতে পারে ক্রিকেট অপারেশনসে।