সেরা রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মুশফিক

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৫:৫৯ পিএম

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানর বাংলাদেশের স্মরণীয় জয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করে ম্যাচ সেরা মুশফিকুর রহিম আইসিসি র‌্যাঙ্কিংয়েও বাজিমাত করেছেন। এই ফরম্যাটের ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন তিনি। বোলারদের মধ্যে বড় লাফ দিয়েছেন হাসান মাহমুদ।

বুধবার আইসিসির প্রকাশিত র‌্যাংকিংয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় মুশফিক ফিরেছেন ১৭তম স্থানে। এর আগে ২০২২ ও ২০২৩ সালে এই অবস্থানে উঠেছিলেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় জয়ের কারিগর মুশফিক এক ইনিংসে ব্যাটিংয়ে সুযোগ পেয়ে করেন ১৯১ রান। তার ৩৪১ বলের ইনিংসটি গড়া ২২ চার ও ১ ছক্কায়। এই পারফরম্যান্সে অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যানের র‌্যাংকিয়ের উন্নতি সাত ধাপ। তার বর্তমানের ৬৮৪ রেটিং পয়েন্টও ক্যারিয়ার সেরা।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আরও উন্নতি করেছেন ৫৬ রান করা লিটন দাস। এই কিপার-ব্যাটসম্যান আছেন ২৭ নম্বরে। ৭৭ রান করে মেহেদী হাসান মিরাজ তিন ধাপ এগিয়ে এখন ৮৫তম স্থানে।

রাওয়ালপিনইতে তিন উইকেট নেওয়া হাসান মাহমুদ টেস্ট বোলারদের মধ্যে ২৩ ধাপ এগিয়েছেন জায়গা করেছেন ৭৪ নম্বরে। সতীর্থ পেসার শরিফুল ইসলামের উন্নতি ৯ ধাপ, অবস্থান ৬৪তম।

পাকিস্তানের বিপক্ষে ৭৭ রান ছাড়াও ৪ উইকেট নেয়া মিরাজ অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি করে আছেন দশম স্থানে। এই তালিকায় আগের মতোই শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা।

টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই সবার ওপরে জো রুট। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল আছেন দুই ও তিন নম্বরে। এছাড়া উল্লেখযোগ্য উন্নতি করে ব্যাটসম্যানদের তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। 
টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে যথারীতি ভারতের রবিচন্দ্রন অশ্বিন। দুইয়ে যৌথভাবে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড ও ভারতের জাসপ্রিত বুমরা। তিনে একই সঙ্গে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত