জুরাছড়ির ঘটনা নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

রাঙ্গামাটির জুরাছড়িতে সেনাবাহিনী ও পুলিশের মধ্যকার ঘটনা নিয়ে উসকানিমূলক বক্তব্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, গতকাল (২৭ আগস্ট) রাঙামাটির জুরাছড়িতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ব্যাপারে মূল কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের সনাক্ত করার লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আরো বলা হয়েছে, ঘটনাটি তদন্তাধীন থাকায় উসকানিমূলক বক্তব্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হলো।