মহান আল্লাহ ব্যাপকভাবে বান্দার দোয়া কবুল করে থকেন। তবে এমন কিছু বিষয় আছে, যেগুলো বান্দার মধ্যে থাকলে দোয়া কবুল করা হয় না। দোয়া কবুলের ক্ষেত্রে প্রতিবন্ধক হয় এমন কয়েকটি বিষয় তুলে ধরা হলো।
খাদ্য ও বস্ত্র হারাম হওয়া : পানাহার ও পোশাক-পরিচ্ছদ যদি হালাল উপার্জন থেকে না হয়, তাহলে দোয়া কবুল হয় না। হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন ‘হে মানব সকল! আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না।’ (সহিহ মুসলিম)
সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ বর্জন করা : হুজাইফা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা অবশ্যই সৎকাজের আদেশ করবে এবং অন্যায় কাজে বাধা দেবে। অন্যথায় আল্লাহ তোমাদের প্রতি শাস্তি নাজিল করবেন। অতঃপর তোমরা দোয়া করবে, কিন্তু তিনি তা কবুল করবেন না।’ (তিরমিজি)
অন্তরের উদাসীনতা : জবান দ্বারা দোয়া করার সময় যদি দোয়ার প্রতি অন্তর উদাসীন থাকে তাহলে দোয়া কবুল হয় না। রাসুল (সা.) বলেছেন, ‘প্রার্থনা কবুল হবে এ দৃঢ় বিশ্বাস রেখে তোমরা দোয়া করবে। জেনে রেখো, আল্লাহ কোনো উদাসীন অন্তরের প্রার্থনা কবুল করেন না।’ (তিরমিজি)
দোয়া কবুলে তাড়াহুড়া করা : রাসুল (সা.) বলেছেন, ‘বান্দার দোয়া সর্বদা কবুল করা হয় যদি সে দোয়াতে পাপ অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা না বলে এবং তাড়াহুড়া না করে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসুল! তাড়াহুড়া বলতে কী বোঝায়? তিনি বললেন, দোয়াতে তাড়াহুড়া হলো, প্রার্থনাকারী বলে আমি তো দোয়া করলাম, কিন্তু তা কবুল হতে দেখলাম না। ফলে সে নিরাশ হয়ে দোয়া করা ছেড়ে দেয়। (সহিহ মুসলিম)