ভারতের প্রতি বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা সবাই বন্ধুত্ব চাই, সহযোগিতা চাই। আমরা কেউ বিপদে পড়তে চাই না। আমরা চাই সবাই সবার সম্মানিত প্রতিবেশী হিসেবে বাস করুক। শুধু ভারত বিষয়ে কথা নয়, সবার ক্ষেত্রেই আমাদের একই কথা।’
গতকাল বুধবার গুলশানের হোটেল লেকশোরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, প্রধান নির্বাহী, বার্তা সম্পাদক ও প্রধান প্রতিবেদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জামায়াতের আমির বলেন, ‘বন্ধু হিসেবে আমাদের সাহায্য করুন, কিন্তু মেহেরবানি করে কেউ আমাদের বাধ্য করার চেষ্টা করবেন না। ডিসিশনটা আমাদের জনগণকে নিতে দিন। জনগণ যখন ডিসিশন নেবে, তখন সে ডিসিশন জনকল্যাণমূলক হবে। এটা হবে গণতন্ত্রের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে। কিন্তু অন্য জায়গা থেকে আমাদের বাধ্য করার চেষ্টা করা হলে আমরা ক্ষতিগ্রস্ত হব।’
তিনি বলেন, ‘আপনার স্বভাব বদলান তাহলে প্রতিবেশীর বদলানোর দরকার পড়বে না। প্রতিবেশীকে প্রতিবেশী হিসেবে আপনি রিসিভ করুন, তার প্রতি সম্মান দেখান। আপনি যখন কাউকে সম্মান করবেন, ভালোবাসবেন, আপনারও পাওনা হবে তার ভালোবাসা, সম্মান। এজন্য ধৈর্য ধরতে হবে, অস্থির হওয়ার কিছু নেই।’