গুমের শিকার ব্যক্তিদের ফিরে পেতে স্মারকলিপি

অপহরণ ও গুমের শিকার ব্যক্তিদের জীবিত ফেরত ও নির্যাতনের বিচার চেয়ে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল বুধবার ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ‘গুম পরিবারের সদস্য’র সমন্বয়ক মো. বেল্লাল হোসেনের দেওয়া এ স্মারকলিপি গ্রহণ করেন। এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে স্বজনরা মানববন্ধন করেন। বেল্লাল হোসেন দেশ রূপান্তরকে বলেন, গুম হওয়া ৬৪ ব্যক্তির পরিবারের পক্ষে প্রধান বিচারপতির উদ্দেশে এ স্মারকলিপি দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, স্বজনহারা পরিবারগুলো দীর্ঘদিন ধরে আন্দোলন করে এলেও কোনো সুফল পায়নি। ইতিমধ্যে গোপন ডিটেনশন সেল থেকে অনেক মানুষ মুক্তি পেয়েছে। আমরা আমাদের ভাইদের সম্পর্কে জানতে চাই,  তারা কোথায় এবং কেমন আছে। তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এ ছাড়া নিশ্চিত করব যে সব অপরাধীকে গ্রেপ্তার এবং সত্য উন্মোচন করা হচ্ছে এবং তাদের শাস্তি দেওয়া হচ্ছে। আমরা প্রতিটি পরিবার অনেক অসহায়, তাই আপনার (প্রধান বিচারপতি) সাহায্য ও সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন।