শেখ হাসিনা স্টেডিয়ামের দরপত্র বাতিল

রাজধানীর পূর্বাচলের প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের দরপত্র বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার নতুন সভাপতি ফারুক আহমেদের অধীনে মিরপুরে বোর্ডের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও দুর্নীতি ও অনিয়ম তদন্তে স্বাধীন অডিট একটি ফার্ম গঠন করতে যাচ্ছে বিসিবি। 

দীর্ঘ সভা শেষে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা স্টেডিয়াম নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘শেখ হাসিনা স্টেডিয়ামের টেন্ডার নিশ্চিত করার বিষয়টি আজকেই (বৃহস্পতিবার) শেষ দিন ছিল। এত স্বল্প সময়ের মধ্যে কাজটি করা সম্ভব হচ্ছে না বলে স্থগিত করতে হয়েছে। আমরা দ্রুতই পূর্বাচলের স্টেডিয়ামের জায়গাটি পরিদর্শনে যাব। দেখব যে সেখানে মাঠ ব্যবহার করা যায় কিনা।’

ফারুক আহমেদ আরও জানান, দেশের রাজনৈতিক পালাবদলের কারণেই এই সিদ্ধান্ত। একইসঙ্গে তিনি বোর্ডে সংঘটিত দুর্নীতির বিষয়ে ব্যবস্থা গ্রহণের কথাও বলেন, 'আমাদের সব কাজ করতে হবে, কাজ ঠিক রেখেই। যে অসংলগ্নতা, দুর্নীতি, খারাপ কাজ হয়েছে সেগুলো আমরা সরাব। তার সাথে ক্রিকেটের উন্নতির জন্য কাজ করব। তাই আমি সব বন্ধ করে একদিকে যেতে পারব না।’ 

বিসিবি সভাপতি জানান, ইতোমধ্যেই স্টেডিয়ামটির পেছনে যেহেতু অনেক অর্থ ব্যয় হয়ে গেছে, তাই জায়গাটিকে মাঠ হিসেবে ব্যবহার করা যায় কিনা- তা যাচাই করা হবে। যে সব খাতে অর্থ বিনিয়োগ করা হয়ে গেছে, সেগুলো থেকে যতটা সম্ভব অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও তিনি জানিয়েছেন।