সাবেক পাঁচ মন্ত্রী ও তাদের পরিবারের বিও হিসাব জব্দ

বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক পাঁচ মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের শেয়ার লেনদেনে ব্যবহার হওয়া বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব অবরুদ্ধ করার নির্দেশনা দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত আদেশ জারি করে এসইসি।

বিও হিসাব অবরুদ্ধ করা তালিকায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এ তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজও। মন্ত্রী, সাংসদ ও তাদের পরিবারের সদস্যসহ ২০ জনের বিও হিসাব অবরুদ্ধ করেছে এসইসি। গতকাল বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অনুরোধে এসব বিও হিসাব স্থগিত করে এসইসি।

যাদের বিও হিসাব জব্দ করা হয়েছে তারা হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে সফি মুদাসসের খান এবং তার মেয়ে সাফিয়া তাসনিম খান। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তার স্ত্রী নুরুন ফাতেমা হাসান এবং তার মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদ। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তার স্ত্রী আরিফা জেসমিন কনিকা। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, তার স্ত্রী শারমিন মুস্তারি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুখমিলা জামান চৌধুরী, তার আত্মীয় জারা জামান, তার বোন রোকসানা জামান চৌধুরী, তার ভাই আনিসুজ্জামান চৌধুরী এবং তার মেয়ে জেবা জামান চৌধুরী। এ ছাড়া পিরোজপুর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, তার স্ত্রী উম্মে কুলসুম, তার ছেলে সাম্মাম জুনাইদ ইফতির বিও হিসাব জব্দ করা হয়েছে।