ঢাকায় মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দপ্তরে ঢাকায় মার্কিন দূতাবাসের রিজিওনাল সিকিউরিটি অফিসার ড্যানিয়েল ব্লিকমোরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল এ সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সদরদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সিনিয়র এফএসএন ইনভেস্টিগেটর নাবিল মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরুন, সিকিউরিটি ইনভেস্টিগেটর মো. আমিনুল ইসলাম, ল’ এনফোর্সমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাটাচে মাইকেল হিনটজ এবং ডিপার্টমেন্ট অব জাস্টিসের আইসিআইটিএপির প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট তানিক মুনির। আইজিপি বিভিন্ন প্রশিক্ষণে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানান। এ সময় অপরাধ নিয়ন্ত্রণ, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, ট্রান্সন্যাশনাল ক্রাইম, মানব পাচার, মানবাধিকার, ক্রাইসিস ম্যানেজমেন্ট ও জনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।