অশ্বিনের সর্বকালের সেরা আইপিএল দলে নেই ক্রিস গেইল

বিভিন্ন ফরম্যাট এবং টুর্নামেন্টকে কেন্দ্র করে পছন্দের দল তৈরির হিড়িক পড়ে গেছে ক্রিকেটারদের মাঝে। এবার ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তৈরি করলেন সর্বকালের সেরা আইপিএল একাদশ। তার দলে সুযোগ হয়নি টি-টোয়েন্টির ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইলের। অবশ্য এই একাদশে নিজেকেও রাখেননি অশ্বিন।

আইপিএলের ১৬ বছরের যাত্রায় বহু ক্রিকেটার খেলেছেন। এর থেকে ১১ জনকে বেছে নেওয়াটা কঠিন ছিল। অশ্বিনের পছন্দের একাদশে ৭ জন ভারতীয় ও ৪ জন বিদেশি। সবচেয়ে বেশি ৪ জন ক্রিকেটার আছে ৫ বারের শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ান্সের। তারা হলেন, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জাসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা। তবে সমান শিরোপাজয়ী চেন্নাই সুপার কিংস থেকে আছেন কেবল মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়না।

ভারতের সফলতম অধিনায়ক ধোনিকেই পছন্দের একাদশের নেতৃত্বভার দিয়েছেন অশ্বিন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে দলে আছেন বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স। এছাড়া কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারাইন, গুজরাট টাইটান্সের ভুবনেশ্বর কুমার ও সানরাইজার্স হায়দরাবাদের রশিদ খান আছেন একাদশে। তবে দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস, লখনউ সুপার জায়ান্টস ও অশ্বিনের বর্তমান দল রাজস্থান রয়্যালসের কোনো ক্রিকেটার জায়গা পাননি।

অশ্বিনের সর্বকালের সেরা আইপিএল দল: রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, সূর্যকুমার যাদব, এবি ডিভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), সুনিল নারাইন, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরা, লাসিথ মালিঙ্গা।