নিয়মিত ক্রিকেট দেখেন বা ক্রিকেটের খোজ রাখেন তাদের কাছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম নামটা নতুন নয়। তবে দ্রুতই বদলে যাচ্ছে এই স্টেডিয়ামের নাম।
আগামী পাঁচ বছর লাহোর স্টেডিয়ামের নামের সঙ্গে জড়িয়ে যেতে পারে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম। পাকিস্তানের বিখ্যাত এই স্টেডিয়ামের নামকরণের স্বত্ত্ব পাঁচ বছরের জন্য বিক্রি হয়ে গেছে।
পাকিস্তানের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তানের খবর, গাদ্দাফি স্টেডিয়ামের নামকরণের স্বত্ত্বটা বিক্রি করা হয়েছে পাঞ্জাবভিত্তিক একটা ব্যাংকের কাছে। দাম পাকিস্তানি রুপিতে ১০০ কোটি। বাংলাদেশি মুদ্রায় যা ৪২ কোটি ৮১ লাখ টাকার বেশি।
নামের স্বত্ত্ব বিক্রির কারণ যে পিসিবির অর্থের প্রয়োজন তা বোঝাই যাচ্ছে। প্রশ্ন জাগতে পারে হঠাৎ কেন নামের স্বত্ত্ব বিক্রি করছে পিসিবি। কারণটা আগামী বছর হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি।
চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে স্টেডিয়ামের সংস্কারে কোটি কোটি রূপি খরচ করতে যাচ্ছে পাকিস্তান। এই খরচের একটা অংশ মেটানো হচ্ছে নামকরণের স্বত্ত্ব বিক্রি করে।
এর আগে ২০২২ সালে করাচির ন্যাশনাল স্টেডিয়ামের নামকরণ স্বত্ত্বও পাঁচ বছরের জন্য বিক্রি করেছিল পিসিবি।