বাংলাদেশ-পাকিস্তান টেস্টের দ্বিতীয় দিনের খেলা হবে কি?

বাংলাদেশ-পাকিস্তান টেস্টের দ্বিতীয় দিনের খেলা হবে কি? প্রথম টেস্টে ১০ উইকেটে জয়ের পর উজ্জীবিত বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে মাঠে নামার জন্য প্রস্তুত ছিল। কিন্তু বাগড়া দিল বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে আজ শুক্রবার টসই অনুষ্ঠিত হয়নি। পুরো দিনের খেলাই হয়েছে পরিত্যক্ত। প্রশ্ন উঠেছে, আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিনে খেলা হবে কি? আবহাওয়াবার্তা কী বলছে?

আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট 'আকুওয়েদার' বলছে, আগামীকাল শনিবার রাওয়ালপিন্ডিতে কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। সকাল থেকেই থাকবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। তবে এদিন বৃষ্টি না থাকলেও প্রচণ্ড গরম থাকবে। ওয়েবসাইটটির পূর্বাভাসমতে, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় সময় সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা আছে। সেই সময় রাওয়ালপিন্ডির তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস, তবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের অনুভূতি মিলবে। আগামীকাল রাওয়ালপিন্ডির সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। দুপুরে সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হতে পারে।