রোনালদোকে নিয়েই নেশনস লিগে খেলবে পর্তুগাল

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৮:৫৬ পিএম

কদিন আগেই নেশনস লিগে পর্তুগালের জার্সি গায়ে মাঠে নামার ইচ্ছা পোষণ করেছিলেন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও সবশেষ ইউরোতে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ অবশ্য পূর্ণ ভরসা রেখেছেন তার ওপরে। ৩৯ বছরের এ ফরোয়ার্ডকে রেখেই উয়েফা নেশনস লিগের ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের দল ঘোষণা করেছে পর্তুগাল।

নেশনস লিগের প্রথম আসরের (২০১৮-১৯) শিরোপাজয়ী পর্তুগাল দলে নতুন মুখ রয়েছে তিনটি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্পোর্টিং লিসবনের উইঙ্গার জিওভানি কুয়েন্দা, চেলসির লেফট ব্যাক রেনাতো ভেইগা ও লিলের রাইট ব্যাক তিয়াগো সান্তোস।

সৌদি ক্লাব আল নাসরের হয়ে নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত হয়েছে রোনালদোর। সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচে চার গোল করেছেন তিনি। আগামী ৬ সেপ্টেম্বর প্রথম স্তরের গ্রুপ ১ এর ম্যাচে ঘরের মাঠে ক্রোয়েশিয়ার পর ৯ সেপ্টেম্বর স্কটল্যান্ডের মাটিতে স্বাগতিকদের মুখোমুখি হবে মার্তিনেজের শিষ্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত